এইদিন ওয়েবডেস্ক,উত্তর দিনাজপুর,০৯ নভেম্বর : রাজ্যে ফের এনকাউন্টারের ঘটনা ঘটল। এবারে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের আব্দুলঘাটার ১৩ বছরের কিশোরীকে যৌন নিগ্রহ করে হত্যার ঘটনার মূল অভিযুক্তকে এনকাউন্টার করে খতম করল পুলিশ । পুলিশ সূত্রে খবর,মৃতের নাম দিলীপ রায় । তার বিরুদ্ধে আগেও যৌন হয়রানির অভিযোগ উঠেছিল বলে জানা গেছে । রাজ্যে পালাবদলের পর এনিয়ে চতুর্থ এনকাউন্টারের ঘটনা ঘটল।
পুলিশ সূত্রে জানা গেছে, এনকাউন্টারের ঘটনাটি ঘটেছে পশ্চিমবঙ্গ ও বিহার সীমান্ত এলাকায়। পুলিশকে ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা করছিল আব্দুলঘাটা কান্ডের মূল অভিযুক্ত । পুলিশ তার পিছু ধাওয়া করলে সে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় । তার মধ্যে কয়েকটি গুলি পুলিশের গাড়ির গায়ে ও টায়ারে এসে লাগে । পুলিশ পালটা গুলি চলালে অভিযুক্ত ব্যক্তি গুলিবিদ্ধ হয় । এরপর তাকে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ।
উল্লেখ্য,রায়গঞ্জের বোগ্রাম রাইপাড়ার ১২ বছর ৮ মাস বয়সী ওই কিশোরী ৩ নভেম্বর মঙ্গলবার বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিল রায়গঞ্জ শহরে বস্ত্র বিতরণ শিবিরে নিজের পোশাক আনার জন্য । তারপর সে আর বাড়ি ফেরেনি।অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। শেষ পর্যন্ত নিখোঁজ হওয়ার ৩ দিন পর নভেম্বর বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জের কুলিক নদীর কাছে আব্দুলঘাটার জঙ্গল থেকে ওই কিশোরীর পচাগলা, ক্ষতবিক্ষত নগ্ন মৃতদেহ উদ্ধার করা হয়।
জানা গেছে,ঘটনার তদন্তে নেমে পুলিশ সিসিটিভি ফুটেজের সূত্র ধরে মূল অভিযুক্তকে চিহ্নিত করে । তদন্তকারীরা গোপন সূত্রে খবর পান যে, ধরা পড়ার ভয়ে ওই ব্যক্তি পশ্চিমবঙ্গ-বিহার সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ তার পিছু ধাওয়া করে এবং এনকাউন্টারে মৃত্যু হয় তার ।।
