এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৮ মে : পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী । আজ শুক্রবার বিকেলে বিশ্ববাংলা কনভেনশন সেন্টারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপি বিধায়ক দলের এক সভায় তাঁর নাম পরিষদীয় দলের নেতা হিসাবে অনুমোদন করা হয়। শুভেন্দু অধিকারীকে পরিষদীয় দলনেতা তথা মুখ্যমন্ত্রী করার প্রস্তাবে সমস্ত বিধায়ক সমর্থন জানান। তিনি শুক্রবার (৮ মে, ২০২৮) রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। শুভেন্দু শনিবার (৯ মে, ২০২৬) সকাল ১১টায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। উল্লেখ্য , শুভেন্দু অধিকারী দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে দুটিতেই জয়ী হয়েছেন ।
২০২০ সালের ডিসেম্বরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন শুভেন্দু অধিকারী । ২০২১ সালের নির্বাচনে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম আসন থেকে মমতার বিরুদ্ধে ১৯৫৬ ভোটে জয়লাভ করেন শুভেন্দু। ২০২৬ এর বিধানসভার ভোটে তিনি নন্দীগ্রাম ও ভবানীপুর, দুটো আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেন । দুটোতেই জেতেন । ভবানীপুরে ১৫ হাজারের অধিক ভোটে মমতা ব্যানার্জিকে পরাজিত করেন শুভেন্দু অধিকারী । তারপর থেকেই বাংলার নতুন মুখ্যমন্ত্রী হিসাবে তার নাম কার্যত নিশ্চিত হয়ে যায় । শেষ পর্যন্ত শুভেন্দু অধিকারীকে বাংলার বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রী হিসাবে সিলমোহর দেয় হাইকম্যান্ড । মুখ্যমন্ত্রীর পাশাপাশি স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক, ভূমি ও ভূমি সংস্কার এবং শরণার্থী ত্রাণ ও পুনর্বাসন, প্রোগ্রাম পর্যবেক্ষণ এবং পার্সোনেল এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস বিভাগের দায়িত্ব সামলাবেন শুভেন্দু অধিকারী ।।
