এইদিন ওয়েবডেস্ক,আহমেদাবাদ,১৭ জুলাই : ফের পাকিস্তান ভিত্তিক জইশ-ই- মহম্মদের (JeM) সঙ্গে যুক্ত ৫ সন্ত্রাসীকে গ্রেপ্তার করল গুজরাট পুলিশের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড(এটিএস) । রাজ্যের বিভিন্ন জেলা থেকে জঙ্গি ওই পাঁচ সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম : বিলাল আবিদ শেরা, মহম্মদ আইয়ুব কাদিওয়াল ওরফে মহম্মদ খাদিয়াসান, মহম্মদ শফি মুখী ওরফে শফি চাপি, মহম্মদ হাসান কারাদিয়া ওরফে হাসান হায়দারপুরি এবং মোহাম্মদ আইয়ুব সুনাসারা ওরফে মহম্মদ খালি।
জইশ-এ-মহম্মদ-এর একটি মডিউল সংক্রান্ত তদন্তের অংশ হিসেবে গুজরাট এটিএস (ATS) আজ শুক্রবার সিদ্ধপুরের পাটন খাদিয়াল গ্রাম থেকে ওই ৫ জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।চলতি মাসের শুরুর দিকে গ্রেপ্তার হওয়া জইশ-এ-মহম্মদের ৮ জন সদস্যকে জিজ্ঞাসাবাদ ও তদন্তের সময় এদের নাম উঠে আসে।
এই দলটি একটি দেশি টাইম বোমা পরীক্ষা করার চেষ্টা করেছিল, কিন্তু সেই প্রচেষ্টা ব্যর্থ হয়। এর আগে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত আমিন জইশ-এ-মহম্মদের জন্য প্রয়োজনীয় সামগ্রী ও বোমা তৈরির উপকরণ সরবরাহ করেছিল এবং অন্য এক অভিযুক্ত বোমা তৈরির কৌশল জানত। এই মডিউলটি সমন্বিত হামলার পরিকল্পনা করছিল এবং পুলিশের হাতে ধরা পড়া এড়াতে বিভিন্ন রাজ্যের মধ্যে যাতায়াত করছিল; এর সদস্যদের মধ্যে নতুন সদস্য নিয়োগ, লজিস্টিকস বা রসদ সরবরাহ এবং ফিদায়েঁ-ধাঁচের হামলার দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছিল।।
