এইদিন ওয়েবডেস্ক,মঙ্গলকোট(পূর্ব বর্ধমান),১৭ জুলাই : আবাস যোজনার অনুদান না পেয়ে মদ্যপ অবস্থায় পঞ্চায়েতে তান্ডব চালালো এক ব্যক্তি । পরে দুই সিভিক ভলান্টিয়ার এসে লাঠি দিয়ে বেদম পিটিয়ে তাকে কাবু করে ৷ আজ শুক্রবার ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার ভাল্যগ্রাম পঞ্চায়েতে । ওই মদ্যপ ব্যক্তির নাম কালু দলুই। তার বাড়ি পিণ্ডিরা গ্রামে । কালু কম্পিউটার থেকে বিদ্যুৎ মিটার প্রায় সর্বত্র ভাঙচুর শুরু করে এবং এক এক কর্মীর গলা টিপে ধরে বলে অভিযোগ । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মঙ্গলকোটের পিণ্ডিরা গ্রামেই রয়েছে ভাল্যগ্রাম পঞ্চায়েত অফিসটি । জানা গেছে,এদিন দুপুর নাগাদ পঞ্চায়েত অফিসের কর্মীরা যে যার কাজে ব্যস্ত ছিলেন । সেই সময় পঞ্চায়েত কার্যালয়ে চড়াও হয় পিণ্ডিরা গ্রামের বাসিন্দা কালু দলুই । আকন্ঠ মদ্যপান করে খালি গা ও লুঙ্গি গুটিয়ে পরে সে সোজা অফিসে ঢুকে গিয়ে চিৎকার করতে করতে ভাঙচুর শুরু করে । এক কর্মী থামানোর চেষ্টা করলে কালু তার গলা টিপে ধরে বলে অভিযোগ । এদিকে তখন চিৎকার চেঁচামেচি শুরু আশপাশের লোকজন ছুটে আসে । তাঁরাই থানায় ফোন করে খবর দেয় । খবর পেয়ে প্রথমে দু’জন সিভিক ভলেন্টিয়ার আসে৷ তারা কালুকে লাঠি দিয়ে বেদম পিটিয়ে কালুকে কাবু করে ফেলে । ইতিমধ্যে চলে আসে পুলিশবাহিনী । ঘটনা ঘিরে রীতিমতো আতঙ্ক ছড়ায় পঞ্চায়েত কর্মীদের মধ্যে।।
