এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),০৪ সেপ্টেম্বর : উত্তরপ্রদেশে ট্রেন থেকে নিখোঁজ হয়ে যাওয়া কাটোয়ার বাসিন্দা কলেজ পড়ুয়া প্রিয়াংশু দেবনাথের নিথর দেহ ফিরল বাড়িতে ৷ প্রিয়াংশু রাজস্থানের জয়পুরের একটি ম্যানেজমেন্ট কলেজের পড়ুয়া ছিলেন ।
গত ২৭ আগষ্ট জয়পুর থেকে প্রতাপ এক্সপ্রেস ট্রেনে বাড়ি ফিরছিলেন প্রিয়াংশু দেবনাথ । কিন্তু উত্তরপ্রদেশে থেকে নিখোঁজ হয়ে যান তিনি । তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই পড়ুয়ার নিখোঁজ হয়ে যাওয়ার কারন জানতে পারে রেল পুলিশ ।
জানা গিয়েছে উত্তর প্রদেশের ফতেপুর জেলার সীতানারায়নী এলাকায় ট্রেনটি এলে ঘুমের ঘোরে টয়লেট যাওয়ার সময় ভুলবশত ট্রেনের মূল দরজা খুলে বেড়িয়ে পড়েন প্রিয়াংশু । আর পা বাড়াতেই ট্রেন থেকে পড়ে যান । প্রায় ১৩০ কিলোমিটার বেগে ছুটছিল ট্রেন । ফলে মৃত্যু হয় তাঁর । পরে সীতানারায়নী এলাকায় ট্রেনের লাইন থেকে প্রায় ৪০০ মিটার দূরে একটি দেহ উদ্ধার হয়। বুধবার পরিবারের লোকজন মৃতদেহ সনাক্ত করেন। ময়নাতদন্তের পর মৃতদেহ আজ বাড়িতে আনা হয়। দেহ বাড়িতে ফিরতেই কান্নায় ভেঙে পড়ে পরিবার পরিজন । কাটোয়া শ্মশানে শেষকৃত্য সম্পন্ন করা হয় । এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।।
