এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৫ জুলাই : নিট (NEET) পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে গতকাল “ককরোচ জনতা পার্টি”র(সিজেপি) ডাকে মিছিলে ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে ব্যাপক হিংসার ঘটনা ঘটানো হয় । ধর্মতলা চত্বরে পুলিশকে লক্ষ্য করে ইট, বোতল ও জুতো বৃষ্টি করা হয়। এমনকি দায়িত্ব পালনরত একাধিক সংবাদমাধ্যমের কর্মীরাও এই হামলার মুখ থেকে রেহাই পাননি। বহু সাংবাদিক আহত হয়েছেন । তাদের মধ্যে সরকারি হাসপাতালে চিকিৎসাধীন সাংবাদিক দীপঙ্কর দাসগুপ্ত, মাখন পাত্র, সুমন মহাপাত্র, ঋক পুরকায়স্থ, শিলাদিত্য কর ও কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে দেখা করতে যান বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ।
আজ শনিবার বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন,’প্রায় ৭০ জনকে চিহ্নিত করা হয়েছে । তারা কেউ ছাত্র নয় । তারা স্বঘোষিত ককরোচ পার্টির সদস্য নয়। যারা একজনও নিট সংক্রান্ত আন্দোলনের অংশ নয় ।’ তিনি বলেন, ‘চারজন কুখ্যাত লোকের নাম আমি এখানে বলছি, যাদেরকে আমরা ছাড়বো না । বাকিগুলোর নাম এখানে বলে আমি সময় নষ্ট করতে চাই না ।’ মুখ্যমন্ত্রী বলেন,’রাজাবাগানের আফরোজ, খিদিরপুরের নাহিদ, ইকবালপুরভতানভির ও নিজাম এবং ওয়াটগঞ্জের রাহুল জামাল । এই পাঁচটা গুন্ডার নাম আমি এখানে ঘোষণা করলাম । গুন্ডা দমন আইনে এমন ব্যবস্থা নেব যাতে শুধু এরাই নয়,এদের তিন পুরুষ মনে রাখে ।’ তিনি বলেন,’এই জন্যই গুন্ডা দমন আইন এনেছিলাম । এই জন্যেই গুন্ডা দমন আইন রাজ্যপাল মহোদয় পাস করেছে । এর প্রয়োজনীয়তা কতটা ছিল বাংলার মানুষ দেখেছে ।’
মুখ্যমন্ত্রী জানান, মিছিলেন জন্য আবেদন করেছিলেন ‘আরশোলা পার্টি’র পক্ষে দেপদিপ্য গাঙ্গুলি । তাতে যোগ দেয় : SFI,DYSA,AIDSO, AISA,AISF,BISB,PSU,RS প্রভৃতি সহ একাধিক বামপন্থী ও উগ্র বামপন্থী ছাত্র সংগঠন । খিদিরপুর,মেটিয়াবুরুজ,রাজাবাজার,পার্ক সার্কাস, আকড়া ফটক বেলগাছিয়া,রাজারহাট নিউটাউন, বাগুইহাটি সহ বিভিন্ন জায়গা থেকে লোক জড়ো করা হয়েছিল ।
তিনি বলেন,’মোট ৭টি মামলা রজু করা হয়েছে । মামলাগুলিতে গুন্ডা দমন আইন যুক্ত করা হয়েছে । এন্টালি থানায় একটি । বাকিগুলি হেয়ার স্ট্রিট থানায় । নিট প্রশ্নপত্র ফাঁস আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় গভীর চক্রান্তের গন্ধ পাচ্ছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ।
আজ বিধানসভায় দাঁড়িয়ে এই পুরো ঘটনাটির কঠোর নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন,’আন্দোলনকারীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে চেয়েছিল পুলিশ যাতে বল প্রয়োগ করে পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলা যায় । কিন্তু আমাদের পুলিশ প্রশাসন চরম সংযম দেখিয়েছে।’ মুখ্যমন্ত্রী আরও বলেন,’ডোরিনা ক্রসিংয়ে জুতো ও বোতল দিয়ে যে আক্রমণ চালানো হয়েছে, তা কোনো স্বাভাবিক আন্দোলনের রূপ হতে পারে না। এই আন্দোলনের আড়ালে সুপরিকল্পিত চক্রান্ত কাজ করেছে।’।
