এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ অক্টোবর : ক্যামাক স্ট্রিট অফিসের বিলবোর্ড কান্ডে অভিষেক ব্যানার্জিকে টানা প্রায় ছয় ঘণ্টা ধরে জেরা করল শেক্সপিয়ার সারনীর পুলিশ । থানা থেকে বেরিয়ে বিজেপি সরকারকে আক্রমণ করেন তিনি । অভিষেক ব্যানার্জি কেন্দ্র ও রাজ্যের বিজেপি সরকারকে “অবৈধ” বলে ঘোষণা করেন । তিনি বলেন,’রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে অবৈধভাবে বাংলা দখল করেছে৷ অবৈধ সরকার । অবৈধ ক্যাবিনেট ৷ অবৈধ প্রধানমন্ত্রী৷ কেন্দ্রের সরকারও অবৈধ, রাজ্যের সরকারও অবৈধ৷’
গত ২৭ অগস্ট ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের বিলবোর্ড সরানো নিয়ে ধুন্ধুমার কান্ড বেধে যায় । পুলিশের সঙ্গে হাতাহাতি, বচসা হয়। পুর কর্মীদের মারধোরের অভিযোগ ওঠে। এনিয়ে পুরসভার তরফে অভিষেক ব্যানার্জিসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে এফ আই আর রজু হয় । অভিযোগ প্রসঙ্গে অভিষেক বলেন,’পুরো ঘটনাটি ফেসবুক লাইভে হয়েছে। অভিযোগ করলেই তো হল না। আমি একটা অভিযোগ করব, সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত হবে। তদন্ত হয়েছে, পুলিশ আমায় ডেকেছে, যা যা প্রশ্ন করেছে, আমি উত্তর দিয়েছি। বাকি আইনি লড়াই লড়া হবে। এই সব নিয়ে আমি হাইকোর্ট, সুপ্রিম কোর্টে যাব।’।

