এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৬ এপ্রিল : দশম শ্রেণীর এক ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় এক নাবালক সহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে পূর্ব বর্ধমান জেলার কাটোয়া থানার পুলিশ । পুলিশ নাবালক ছাড়া বাকিদের কাটোয়ার মাধবীতলার বাসিন্দা রবিন রাজবংশি (২২) এবং কাটোয়া শহরের কালীগঞ্জ ঘাট এলাকার বাসিন্দা অজয় অধিকারী (১৯), সুদীপ্ত দেবনাথ (১৮), ইন্দ্রজিৎ সাহা(১৮), শুভঙ্কর দেবনাথ (১৮) এবং রাজকুমার পাল(১৮) নামে চিহ্নিত করেছে ৷ আজ বৃহস্পতিবার ধৃত ছয়জনকে কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে দুদিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক । ধৃত নাবালককে বর্ধমান জুভেইনাল আদালতে তোলা হয়।
জানা গেছে, নির্যাতিতার বাবা পেশায় ব্যবসায়ী ৷ অভিযোগের ভিত্তিতে কাটোয়া থানায় পুলিশ ওই ৭ জনকে গ্রেপ্তার করে । পুলিশের কাছে অভিযোগে নির্যাতিতার বাবা জানান যে বুধবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ বাড়ি থেকে বেড়িয়ে আচমকা নিখোঁজ হয়ে যায় তার মেয়ে । রাত পর্যন্ত বাড়ি না ফেরায় তারা খোঁজাখুঁজি শুরু করেন । শেষ পর্যন্ত কাটোয়া এলাকায় একটি ইঁটভাটার কাছে পরিত্যক্ত একটি ঘরে তার মেয়েকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ।
জানা গেছে,পরিবারের লোকজন মেয়েটিকে উদ্ধার করে তড়িঘড়ি কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করেন ৷ চিকিৎসায় সুস্থ হয়ে জ্ঞান ফিরলে অভিযুক্তদের নাম ধরে ধরে তার উপর চালানো পাশবিক অত্যাচারের কথা খুলে বলে । এরপর নির্যাতিতার বাবা থানায় ৭ অভিযুক্তের বিরুদ্ধে সুনির্দিষ্ট এফআইআর অভিযোগ দায়ের করেন । সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ ৭ জনকে গ্রেপ্তার করে । ধৃতদের বিরুদ্ধে গণধর্ষণ ও পকসো আইনে মামলা দায়ের করেছে পুলিশ ।।
