এইদিন ওয়েবডেস্ক,ভাতার(পূর্ব বর্ধমান),০৯ জুন : বুকিংয়ের দেড় মাস পরেও গ্যাস না মেলায় গ্যাস এজেন্সির গাড়ি আটকে বিক্ষোভ দেখালেন গ্রাহকরা । পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার বেরোয়া গ্রামের ঘটনা । ঘটনাকে ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গ্রামবাসীদের সঙ্গে কথা বলে। পরে এজেন্সির পক্ষ থেকে দু’দিনের মধ্যে গ্রাহকদের গ্যাস সরবরাহের আশ্বাস দেওয়া হলে বিক্ষোভ তুলে নিয়ে গাড়িটি ছেড়ে দেওয়া হয় ।
জানা গেছে,ভাতারের মাহাতা অঞ্চলের মধ্যে পড়ে বেরোয়া গ্রাম । গুসকরার একটি গ্যাস এজেন্সির মাধ্যমে বেরোয়া,বারমল্লিক প্রভৃতি গ্রামের গ্রাহকদের রান্নার গ্যাস সরবরাহ করা হয় । গ্রামবাসীদের অভিযোগ, এলাকার বহু গ্রাহক এক থেকে দেড় মাস আগে গ্যাস বুকিং করলেও এখনও সিলিন্ডার পাননি। এমনকি অগ্রিম টাকাও মিটিয়ে দেওয়া হয়েছে । তারপরেও ওই এজেন্সি তাদের গ্যাসের সিলিন্ডার দিতে গড়িমসি করছে ।
জানা গেছে,আজ মঙ্গলবার বিকেলে এজেন্সির গাড়ি গ্রামে এসে পৌছয় ৷ প্রায় গ্যাসের আশায় থাকা প্রায় ৭০ জন গ্রাহক গাড়ির সামনে এসে জড়ো হন । কিন্তু গাড়িতে মাত্র ৯ টি সিলিন্ডার দেখে গ্রাহকরা চরম ক্ষিপ্ত হয়ে যায় । এরপরই ক্ষুব্ধ গ্রামবাসীরা গাড়ি ঘিরে তুমুক বিক্ষোভ শুরু করেন এবং গাড়ি আটকে রাখেন । দীর্ঘক্ষণ বিক্ষোভ চলার পর ভাতার থানার পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় ।।
