এইদিন ওয়েবডেস্ক,পুরুলিয়া,১৯ এপ্রিল : পুরুলিয়ার ঝাড়গ্রামের জনসভা শেষে স্থানীয় একটি দোকানে ১০ টাকার ঝালমুড়ি কিনে খেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেই ভিডিও ও বেশ কিছু ছবিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি । ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লিখেছেন,”ব্যস্ত রবিবারে পশ্চিমবঙ্গ জুড়ে চারটি জনসভার ফাঁকে, ঝাড়গ্রামে সুস্বাদু ঝালমুড়ি খেলাম।”
আজ রবিবার বাঁকুড়ার বিষ্ণুপুরে নির্বাচনী জনসভার পর পুরুলিয়ায় পা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । পুরুলিয়ার ঝাড়গ্রামে জনসভা শেষে একদম অন্যরকম মেজাজে দেখা যায় প্রধানমন্ত্রীকে ।সভা শেষ করে হেলিপ্যাড গ্রাউন্ডের উদ্দেশে রওনা দেওয়ার সময় ঝাড়গ্রাম কলেজ মোড়ে আচমকাই গাড়ি থামিয়ে নেমে পড়েন তিনি । সোজা চলে যান একটি চানাচুর বিক্রেতার দোকানে । ঝালমুড়ির দাম জিজ্ঞেস করেন ৷ তারপর পকেট থেকে একটি ১০ টাকার নোট বের করে ঝালমুড়ি বানিয়ে দিতে বলেন । দোকানদার হেঁসে টাকা ফেরত দিতে যান । কিন্তু প্রধানমন্ত্রী তাকে টাকা ফেরত নিতে অস্বীকার করেন। এরপর দোকানদারের কাছ থেকে ঝালমুড়ি নিয়ে সকলের সঙ্গে ভাগ করে খান প্রধানমন্ত্রী । সেই সময় বিজেপি কর্মীসমর্থকরা সেটা দেখে ‘জয় মোদী জি’, ‘জয় শ্রী রাম’ প্রভৃতি স্লোগান তোলেন । মুড়ি খেতে খেতেই ঝাড়গ্রাম কলেজ মোড়ে জনসংযোগ সারলেন প্রধানমন্ত্রী। ঝালমুড়িতে মজে থাকা মোদীর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।।
দেখুন ভিডিও 👇
