এইদিন আন্তর্জাতিক ডেস্ক,২৮ আগস্ট : স্পেনে ইসলাম ধর্ম গ্রহণকারী ষোলজন নারী গালিসিয়ার ভিগো ইসলামিক অ্যাসোসিয়েশনের ( Islamic Association of Vigo in Galicia) সভাপতি সামির আজ্জামের (Samir Azzam) বিরুদ্ধে “পিতৃতান্ত্রিক মনোভাব” এবং মুসলিম নারীদের হিজাব পরার জন্য চাপ সৃষ্টির অভিযোগ এনেছেন।
নতুন ধর্মান্তরিত মুসলিমদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে আজ্জাম হিজাব পরা মেয়েদের একটি ভিডিও শেয়ার করার পর এই বিবাদের সূত্রপাত হয়। তিনি বলেন, বয়ঃসন্ধিকালের পর মুসলিম নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক হয়ে যায় এবং এটি না পরা ধর্মীয় আদেশ অমান্য করা ও পাপ হিসেবে গণ্য হবে।
বেশ কয়েকজন নারী তার এই বার্তার প্রতিবাদ জানান। অবশেষে তিনজন নারীকে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বহিষ্কার করা হয়, এবং আরও ১৩ জন তাদের প্রতি সংহতি জানিয়ে স্বেচ্ছায় গ্রুপটি ত্যাগ করেন।
এই ঘটনার পর ভারতের এলাহাবাদ হাইকোর্টের সাম্প্রতিক রায়কে সমর্থন জানাচ্ছেন স্প্যানিশরা৷ উল্লেখ্য,দিন তিনেক আগে এলাহাবাদ হাইকোর্ট সম্প্রতি রায় দিয়েছে যে , মাথায় স্কার্ফ পরাকে ইসলামের একটি “অপরিহার্য ধর্মীয় প্রথা” হিসেবে প্রতিষ্ঠা করা যায় না। স্কুল ইউনিফর্মের সাথে হিজাব পরার দাবিতে এক মুসলিম ছাত্রীর মামলা সংক্রান্ত এই পর্যবেক্ষণটি করা হয় ।
বিচারপতি জে জে মুনির এবং ইন্দ্রজিৎ শুক্লার সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ ২১ আগস্ট, ২০২৬ তারিখের এক আদেশে প্রয়াগরাজের টেগোর পাবলিক স্কুলে নির্ধারিত ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে একাদশ শ্রেণির এক ছাত্রীর করা আবেদনটি খারিজ করে দিয়েছে।।
