এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৪ এপ্রিল : কয়লা পাচার মামলায় মঙ্গলবারই I-PAC এর অন্যতম কর্ণধার বিনেশ চান্দেলকে নিজেদের হেপাজতে নিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট(ইডি) । এবার I-PAC এর অন্যতম প্রতিষ্ঠাতা বহু চর্চিত প্রতীক জৈন ইডির র্যাডারে চলে এসেছে । জানা গেছে যে ইতিমধ্যেই প্রতীকের স্ত্রী বার্বি জৈন এবং ভাই তথা সংস্থার সহ-প্রতিষ্ঠাতা পুলকিত জৈনকে তলব করেছে ইডি৷ বুধবার দিল্লির সদর দপ্তরে হাজির হতে বলা হয়েছে তাদের৷ বুধবার অর্থ পাচার প্রতিরোধ আইন (পিএমএলএ) (PMLA)-এর মামলায় তাঁদের জিজ্ঞাসাবাদ করা হবে৷
প্রসঙ্গত,গত ৮ জানুয়ারী কলকাতার আইপ্যাক দপ্তর এবং প্রতীকের বাসভবনে ইডি তল্লাশি অভিযানের সময় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির চুড়ান্ত নাটকীয়তা দেখেছিল দেশ৷ ইডির বাজেয়াপ্ত করা বেশ কিছু নথিপত্র ও পেনড্রাইভ তিনি ছিনিয়ে নিয়ে আসেন । নিজেই পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা কবুল করেন মমতা৷ এরপর ইডি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়৷ সর্বোচ্চ আদালত মুখ্যমন্ত্রীর এই ভূমিকার তীব্র সমালোচনা করে । অবশ্য মঙ্গলবার শীর্ষ আদালত সেই মামলার শুনানি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছে।
তবে রাজ্যে বিধানসভার ভোটের আবহেই কয়লা পাচার মামলায় ফের অ্যাকশনে নামে ইডি । মঙ্গলবারই সংস্থার অন্যতম কর্ণধার বিনেশ চান্দেলকে গ্রেপ্তার করে নিজেদের হেপাজতে নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।ইডির তরফে দাবি করা হয়েছে, ভিনেশের বাড়িতে গত ২ এপ্রিল তল্লাশির পরও তাঁদের তদন্ত প্রক্রিয়া চলছিল। সেই বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসে। সেই তথ্যের উপর ভিত্তি করেই এই গ্রেফতারি বলে দাবি কেন্দ্রীয় এজেন্সির। ইডি সূত্রে খবর, আইপ্যাকের অন্যতম ডিরেক্টরের উত্তরে সন্তুষ্ট না হওয়ার কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।কেন্দ্রীয় এজেন্সির দাবি, এখানেও রয়েছে হাওয়ালা যোগ। ২০ কোটি টাকা হাওয়ালার মাধ্যমে এই সংস্থায় এসেছিল বলে অভিযোগ। যেই টাকা সরাসরি কয়লা পাচারের সঙ্গে যোগ ছিল বলে দাবি এজেন্সির।
এদিকে ভোটের মুখে তৃণমূলের রণকৌশল নির্ধারণকারী সংস্থার শীর্ষ কর্তাদের গ্রেপ্তার এবং তাঁদের পরিবারকে তলব করার ঘটনায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।।
