এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ অক্টোবর : দক্ষিণ কলকাতার নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘের পুজো মণ্ডপের বাইরে এক মহিলা সিভিক ভলান্টিয়ারের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল খোদ এক পুলিশকর্মীর বিরুদ্ধে । সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ফুটেজ ভাইরাল হলে অবশেষে কঠোর পদক্ষেপ নিল লালবাজার । সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে । ধৃতের নাম কবিরুল হাসান মোল্লা(৫০)। তিনি কলকাতা সশস্ত্র পুলিশের ৩ নম্বর ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর (ASI) পদে কর্মরত।
জানা গেছে,ঘটনাটি ঘটে গত গত শনিবার (১৭ অক্টোবর) রাত ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে । দক্ষিণ কলকাতার নিউ আলিপুরের বিখ্যাত সুরুচি সঙ্ঘ দুর্গাপূজা মণ্ডপের মণ্ডপের এক্সিট বা নিকাশি গেটের সামনে দুই মহিলা সিভিক ভলান্টিয়ার চেয়ারে বসেছিলেন। তাদের মধ্যে এক সিভিকের ঠিক পিছনেই ইউনিফর্ম পরে দাঁড়িয়ে ছিলেন নিউ আলিপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর কবিরুল হাসান মোল্লা । সেই সময় ২১ বছর বয়সী ওই মহিলা সিভিকের কাঁধে হাত দিয়ে অত্যন্ত কুরুচিকর আচরণ ও অশালীন ভাবে স্পর্শ করেন বলে অভিযোগ ।
সেই দৃশ্য কেউ নিজের মোবাইল ক্যামেরায় ভিডিও রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেন । সাধারণ মানুষ ব্যাপক প্রতিক্রিয়া দেখান । এরপরেই কঠোর পদক্ষেপ নেওয়া হয়।অভিযুক্ত এএসআই-এর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে বলে জানা গিয়েছে ।কলকাতা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) কুণাল আগরওয়াল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘বিষয়টি জানতে পারার পরই অভিযুক্ত পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে । ধৃতর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে ।’ এদিকে দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব যাঁদের উপর, তাঁদের বিরুদ্ধেই এমন অভিযোগ ওঠায় প্রশ্ন উঠেছে ।।

