এইদিন ওয়েবডেস্ক,রানীগঞ্জ,২০ আগস্ট : বীরভূম থেকে পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে ডাকাতি করতে এসেছিল বীরভূমের ৪ দুষ্কৃতী ৷ কিন্তু তার আগেই ওই দুষ্কৃতীদলকে আগ্নেয়াস্ত্রসহ হাতেনাতে ধরল রানীগঞ্জ থানার পুলিশ । পুলিশ জানিয়েছে,ধৃতদের নাম তাজ খান, শেখ আজহারউদ্দিন, শেখ আলাউদ্দিন, শেখ আসান। তাদের বাড়ি বীরভূমের দুবরাজপুর থানার কাঁকরতলা এলাকায় । আজ বৃহস্পতিবার ধৃতদের আসানসোল আদালতে তোলা হয়।
পুলিশ সূত্রে খবর,বুধবার রাতে দুবরাজপুরের কাঁকরতলা এলাকা থেকে একটি মারুতি ওমনি ভ্যানে চড়ে রানীগঞ্জ এলাকায় ডাকাতি করতে এসেছিল ওই দুষ্কৃতী দলটি । পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে রানীগঞ্জের আমরাসতা মোড় এলাকায় গাড়িটিকে আটকে তল্লাশি চালিয়ে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করে । পুলিশ তাদের জেরা করতেই দুষ্কৃতীরা ডাকাতি করতে আসার কথা কবুল করে । এরপর পুলিশ ওই দুষ্কৃতী দলটিকে গ্রেপ্তার করে । বাজেয়াপ্ত করা হয় গাড়িটি ৷ এই চক্রে আর কতজন যুক্ত আছে তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ ।।
