এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৩ জুলাই : আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ব্রিকসের ১৮তম সম্মেলনে অংশ নিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে নয়াদিল্লি । এমনটিই জানিয়েছে বাংলাদেশের সংবাদমাধ্যম৷ প্রতিবেদনে বলা হয়েছে, বিশেষ অতিথি হিসেবে সম্মেলনে যোগ দেওয়ার জন্য পাঠানো আমন্ত্রণপত্র ইতিমধ্যে প্রধানমন্ত্রীর দফতরে পৌঁছেছে। আজ বৃহস্পতিবার (২৩ জুলাই) বিদেশ মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ তথ্য জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, ‘আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এসেছে (ভারত সফরের আমন্ত্রণপত্র)। আমরা সেটা প্রধানমন্ত্রীর দফতরে পাঠিয়েছি। আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন হবে। ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ।’।
