এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২২ অক্টোবর : দুর্গাপূজার মাঝেই রহস্যজনকভাবে মৃত্যু হল বাংলাদেশের ফরিদপুরের এক মেধাবী হিন্দু ছাত্রের ।দুর্গাপূজা দেখার জন্য বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হওয়ার দুই দিন পর কলেজছাত্র কৌশিক সাহা জিতুর (২৩) মৃতদেহ কুমার নদী থেকে উদ্ধার হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে ফরিদপুর পৌরসভার ভাটিলক্ষ্মীপুর এলাকার মদনখালী স্লুইস গেটের কাছে কুমার নদী থেকে পুলিশ ওই যুবকের পচাগলা দেহটি উদ্ধার করে। কৌশিক সাহা জিতু ফরিদপুর শহরের ওয়্যারলেস পাড়ার বাসিন্দা কমলেশ সাহার ছেলে। তিনি সরকারি রাজেন্দ্র কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিলেন।
মহাষ্টমীর দিন পূজা দেখতে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন কৌশিক সাহা৷ এ ঘটনায় তাঁর বাবা কমলেশ সাহা কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। মহানবমীর দিন। এরপর মঙ্গলবার সকালে ফরিদপুর পৌরসভার ভাটিলক্ষ্মীপুর মদনখালী স্লুইসগেট-সংলগ্ন কুমার নদে এক অজ্ঞাতপরিচয় যুবকের দেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে নৌ-পুলিশ ও কোতোয়ালী থানায় খবর দেয় স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ মৃতের প্যান্টের পকেটে থাকা চাবির গোছা দিয়ে বাড়ির তালা খুলে পরিচয় নিশ্চিত করে । মৃতদেহটি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্ত করা হয়েছে। পুলিশ মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।।

