এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৬ নভেম্বর : গিয়েছিলেন ছটপুজোর গঙ্গার ঘাট পরিদর্শন করতে । আর তখনই রাজ্যের মন্ত্রী ডঃ ইন্দ্রনীল খাঁর নজরে পড়ে যে, একটি কুকুর গঙ্গার স্রোতে ভেসে যাচ্ছে । প্রাণে বাঁচার আপ্রাণ চেষ্টা করছে প্রাণীটি । সঙ্গে সঙ্গে তিনি জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীকে (NDRF) নামিয়ে কুকুরটিকে মাঝ গঙ্গা থেকে উদ্ধার করে আনান । নিজেই প্রাথমিক চিকিৎসা দেন । মন্ত্রী ইন্দ্রনীল খাঁর এই প্রকার মানবিকতার প্রশংসা করেছেন সকলে ।
আজ সোমবার ভোরবেলা থেকেই ঘাটে ঘাটে চলছে ছটপুজো। এই পুজোর জন্য বিশেষ ব্যবস্থাও করা হয়েছে রাজ্য সরকারের তরফে। যাতে কোনও দুর্ঘটনা বা অনভিপ্রেত ঘটনা না ঘটে, তার জন্য ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী ডঃ ইন্দ্রনীল খাঁ ঘাটে ঘাটে নিরাপত্তা ও অন্যান্য ব্যবস্থা খতিয়ে দেখতে বেরিয়েছিলেন । কলকাতার বাবুঘাটে তিনি এলে হঠাৎ তাঁর নজরে আসে যে একটি কুকুর মাঝ গঙ্গায় হাবুডুবু খাচ্ছে । আপ্রাণ চেষ্টা করছে বাঁচার, কিন্তু জলের স্রোত বেশি থাকায় ভেসে থাকতে পারছে না কোনভাবেই ।কুকুরটি ক্রমশ জলের তলায় চলে যাচ্ছিল। পরিস্থিতি বুঝতে পেরে আর দেরি করেননি ইন্দ্রনীল। সঙ্গে সঙ্গে এনডিআরএফের কর্মীদের উদ্ধারকাজে নামার নির্দেশ দেন। এরপর শুরু হয় কুকুরটিকে উদ্ধারের চেষ্টা। বেশ কিছুক্ষণের চেষ্টায় তাকে জল থেকে তুলে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা। ততক্ষণে প্রায় সংজ্ঞাহীন অবস্থায় চলে গিয়েছিল কুকুরটি ।
কলকাতা রিভার ট্রাফিক পুলিশের জেটিতে ওই সারমেয়কে উদ্ধার করে রাখার সঙ্গে সঙ্গেই ছুটে আসেন মন্ত্রী। চেয়ারে থাকা সাদা তোয়ালে দিয়ে ঢেকে দেওয়া হয় তার শরীর। ঠান্ডায় যাতে অসুস্থ হয়ে না পড়ে, তার জন্য গরম দুধও খাওয়ান মন্ত্রী ইন্দ্রনীল খাঁ। কুকুরটি সুস্থ হয়ে ওঠা পর্যন্ত সেখানে থেকেই অপেক্ষা করছিলেন ইন্দ্রনীল।জানা গিয়েছে, ওই কুকুরটি পোষ্য ছিল। মালিকের সঙ্গে ছটপুজোয় গঙ্গার ঘাটে এলে কুকুরটি কোনো ভাবে নদীর জলে তলিয়ে যায় ।।
