এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৫ জুলাই : গতকাল রাতে ‘নতুন তৃণমূল’-এর এক নেতার বাড়ি গোপন বৈঠক । আর আজ বুধবারেই ঋতব্রত ব্যানার্জির হাত ধরে যোগদান । কামারহাটির তৃণমূল বিধায়ক অত্যন্ত অনুগত মদন মিত্রের এই প্রকার ভোলবদল আগেই টের পেয়ে গিয়েছিলেন বলে জানালেন মমতা ব্যানার্জি । আজ বিকেলে ফেসবুক লাইভে তিনি বলেন, ‘গতকালই আমায় বলেছিল, বউ আর ছেলেকে ইডি তলব করেছে । তখনই বুঝেছিলাম ও চলে যাবে ।’
আজ বিধানসভায় যাবার আগেই কালীঘাট তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দেন মদন মিত্র । তারপর সোজা চলে যান বিধানসভায় ঋতব্রত শিবিরের ঘরে । প্রথমে আখরুজ্জামানের সঙ্গে একপ্রস্ত বৈঠক সেরে নেন মদন । তারপর মিডিয়ার ক্যামেরার সামনে ঋতব্রতের সঙ্গে তাকে হাত ধরাধরি করে পোজ দিতে দেখা যায় । উল্লেখ্য, মঙ্গলবার পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদনের স্ত্রী ও দুই পুত্রকে তলব করেছে ইডি। তারপর সন্ধেতেই তৃণমূলের বিদ্রোহী শিবিরের অপর সদস্য সন্দীপন সাহার বাবা স্বর্ণকমল সাহার দরবারে উপস্থিত হন মদন । তখন থেকেই জল্পনা শুরু হয় যে এবার মমতার সঙ্গ ছাড়তে চলেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক৷ অবশেষে আজ সকালে নিজেই সেই জল্পনাকে বাস্তবে পরিনত করে সোজা বিদ্রোহী শিবিরে উপস্তিত হন তিনি । মমতা ব্যানার্জির মতে, কেন্দ্রীয় তদন্তকারীর কবল থেকে পরিবারকে মুক্ত করতেই ‘বিজেপির কোলে বসা’ ঋতব্রত শিবিরে যোগ দিলেন মদন মিত্র । তবে একবারও তিনি মদনের নাম উচ্চারণ করেননি ।।

