এইদিন আন্তর্জাতিক ডেস্ক,০৩ জুন : পশ্চিম এশিয়ায় ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান দাবি করেছে যে, তারা ওমান সাগরে একটি মার্কিন পণ্যবাহী জাহাজকে ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে নিশানা বানিয়েছে। ইরানের বিপ্লবী রক্ষীবাহিনী (আইআরজিসি) বলেছে, ইরানি জাহাজ ‘লায়ন স্টার’-এর ওপর মার্কিন সামরিক বাহিনীর কথিত হামলার জবাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই দাবির সমর্থনে ইরান হামলার একটি ভিডিও প্রকাশ করেছে।
ইরানের প্রকাশ করা একটি ভিডিওতে সমুদ্রে একটি জাহাজকে লক্ষ্যবস্তু করার দৃশ্য দেখা যায়। আইআরজিসি জানিয়েছে যে, ‘এমএসসি সারসিকা’ নামের জাহাজটিকে প্রতিশোধমূলকভাবে লক্ষ্যবস্তু করা হয়েছে। ইরানের অভিযোগ, জাহাজটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুক্ত। তবে, এই দাবির বিষয়ে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।
সেই সাথে আইআরজিসি সরাসরি যুক্তরাষ্ট্রকে সতর্ক করে বলেছে যে, এই অঞ্চলে মার্কিন বাহিনীর যেকোনো আগ্রাসী পদক্ষেপের ‘চূড়ান্ত জবাব’ দেওয়া হবে।।

