এইদিন বিনোদন ডেস্ক,১০ অক্টোবর : স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ককে ভারতে কাজ করার জন্য লাইসেন্স না দেওয়ায় কেন্দ্র সরকারের সমালোচনা করেছেন মার্কিন ইলন মাস্ক । তার এই সমালোচনাকে যেখানে কংগ্রেসের নেতা রাহুল গাঁধি রাজনৈতিক হাতিয়ার করে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অপপ্রচারের পথ বেছে নিয়েছেন,অন্যদিকে দক্ষিণের সুপারস্টার ও রাজ্যসভা সাংসদ কমল হাসান ইলন মাস্ককে কড়া ভাষায় জবাব দিয়েছেন । তিনি বলেছেন,’ভারত গণতান্ত্রিক দেশ… কোনো উপনিবেশ নয়…কোনো ধনকুবের দেশের নীতি নির্ধারণ করার কোনো অধিকার নেই ।’
এক্স-এ একটি পোস্টে কমল হাসানের প্রতিক্রিয়া দিয়েছেন,’কোনো ধনকুবের, তিনি ভারতীয় হোন বা আমেরিকান, দেশের নীতি নির্ধারণ করার অধিকার নেই । আমরা বিশ্বকে স্বাগত জানাই, কিন্তু আমরা ভারতীয়রাই আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করব। পশ্চিমা দলীয় স্বার্থ বা তাদের দ্বৈত নীতি নয় ।’ অভিনেতা বলেন,’ভারত জানে যে আমাদের নেটওয়ার্ক এবং স্পেকট্রাম শুধু বাণিজ্যিক সম্পদ নয়, বরং কৌশলগত অবকাঠামো। ভারতের জাতীয় নিরাপত্তার বিষয়ে কোনো আপোস হবে না ।’
তিনি লিখেছেন,’স্যাটেলাইট ইন্টারনেট ক্ষেত্রে ভারতের প্রতিযোগিতাকে স্বাগত জানানো উচিত, তা ভারতীয় কোম্পানির কাছ থেকেই হোক বা বৈশ্বিক পরিষেবা প্রদানকারীদের কাছ থেকে, যারা গ্রামীণ জনগণকে সবচেয়ে বাস্তবসম্মত এবং সাশ্রয়ী এন্ড-টু -এন্ড সংযোগ প্রদান করতে পারে। স্বল্প আয়ের দেশগুলোর সাধারণ মানুষের জন্য স্যাটেলাইট ইন্টারনেট সাশ্রয়ী হওয়া উচিত।’
তিনি আরও উল্লেখ করেন যে,প্রত্যেক দেশ তার নিজস্ব স্বার্থের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়। তিনি পশ্চিমা দেশগুলোর দ্বৈত নীতিরও সমালোচনা করেন, যারা মুক্ত বাজারের দাবি করে, অথচ নিজেদের বাজার রক্ষা করে এবং কেবল বিদেশেই অবাধ প্রতিযোগিতার প্রচার করে। যুক্তরাষ্ট্র চীনা বৈদ্যুতিক গাড়ির ওপর ১০০% শুল্ক আরোপ করেছে, ঠিক যখন ভারত তার দেশীয় নির্মাতাদের সুরক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছে।
কমল হাসান ব্যাখ্যা করেন,উদাহরণস্বরূপ, গ্রাম পঞ্চায়েতগুলিতে ব্রডব্যান্ড পৌঁছে দেওয়ার ভারতীয় পরিকল্পনা ভারতনেট-এর কথা ধরা যাক। ২০২৬ সালের সিএজি অডিট রিপোর্টে যেমনটা উল্লেখ করা হয়েছে, আমরা প্রশ্ন তুলব যে ৩৯,৮৮৮ কোটি টাকা খরচ করা সত্ত্বেও কেন এই প্রকল্পটি তার মূল লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে। প্রস্তুতকৃত গ্রাম পঞ্চায়েতগুলির মধ্যে মাত্র ৩৩.২% কার্যকর রয়েছে। একই সাথে, আমরা আমাদের টেলিকম খাত এবং এর আইনগুলিরও প্রশংসা করতে পারি, যা বিশ্বের সর্বনিম্ন দরে ইন্টারনেট ডেটা উপলব্ধ করেছে এবং লক্ষ লক্ষ মানুষকে অনলাইনে এনেছে ।
মাস্কের সমালোচনা ছিল যে তাঁর স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা স্টারলিঙ্ককে ভারতে কাজ করার জন্য লাইসেন্স দেওয়া হয়নি। মাস্ক অভিযোগ করেন যে টেলিকম সংস্থাগুলি, যাদের ভারতের ইন্টারনেট বাজারে একচেটিয়া আধিপত্য রয়েছে, তারা স্টারলিঙ্কের আগমনকে বিলম্বিত করছে। মাস্ক ‘এক্স’-এর মাধ্যমে মুকেশ আম্বানিকে লক্ষ্য করে উস্কানিমূলক মন্তব্য করেছিলেন। মাস্কের প্রশ্ন হলো, স্টারলিঙ্ক সমস্ত নিয়মকানুন মেনে চলার পরেও এবং গত পাঁচ বছর ধরে লাইসেন্সের জন্য চেষ্টা করার পরেও তাকে দেওয়া হয়নি।।

