এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ দিনাজপুর,১৯ অক্টোবর : দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বিজেপি মোড়ে তৃণমূল কংগ্রেস দ্বারা স্থাপন করা মাদার টেরেজার মূর্তি সরিয়ে বসানো হল ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর পূর্ণাবয়ব মূর্তি । আজ সোমবার মহাষ্টমীর দিন দুপুরে মুর্তির আনুষ্ঠানিক উন্মোচন করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও স্থানীয় সাংসদ সুকান্ত মজুমদার। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন,’আজ দুর্গাপূজার পুণ্য তিথিতে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের বিজেপি মোড়ে ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখার্জীর নবনির্মিত মূর্তির উন্মোচন করলাম তৎসহ পুজোর আনন্দ ভাগ করে নিতে গরিব দু:স্থ মানুষদের বস্ত্র প্রদান করলাম।’
জানা গেছে,তৃণমূল পরিচালিত বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান ও কয়েক জন কাউন্সিলরের উদ্যোগে মাতৃসদনে সংরক্ষিত মাদার টেরেজার একটি মূর্তি এনে শহরের বিজেপি মোড়ে বসানো হয়েছিল । বিজেপির অভিযোগ, তখন থেকেই মোড়টিকে ‘মাদার টেরেজা মোড়’ হিসেবে পরিচিত করার চেষ্টা করা হচ্ছিল। পালটা বিজেপির তরফে টেরেজার মুর্তি সরিয়ে শ্যামাপ্রসাদ মুখার্জীর মুর্তি স্থাপনের দাবি তোলা হচ্ছিল । রাজ্যে পালাবদলের পর সেই দাবি আরও জোরালো হয় । স্থানীয় বিজেপি বিধায়ক বিদ্যুৎ কুমার রায় ঘোষণা করেছিলেন,দুর্গাপূজার অষ্টমীর দিনই ওই চত্বরে শ্যামাপ্রসাদের মূর্তি বসানো হবে।
সেই কথামতোই আজ মহাষ্টমীর দিনে মূর্তির আবরণ উন্মোচন করা হলো।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন তপনের বিধায়ক বুধরাই টুডু এবং বালুরঘাটের স্থানীয় বিধায়কসহ নেতা ও কর্মী-সমর্থকরা। মূর্তি উন্মোচনের পর এ দিন এলাকার গরিব ও দুঃস্থ মানুষদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়।।

