এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২১ জুলাই : আজ কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে ‘কালীঘাট তৃণমূল’-এর এই সমাবেশে নতুন নতুন শ্লোগান আমদানি করতে শোনা গেল মমতা ব্যানার্জিকে৷ বিজেপিকে নিশানা করতে গিয়ে মমতা বলেন, ‘আজ সকালে অনেক মর্নিং ওয়াকারের সাথে আমার দেখা হয়েছে । তারা প্রত্যেকে বর্ধিষ্ণু এবং কেউ না কেউ ইন্ডাস্ট্রি বিলংস করেন । তারা আমায় বলছে, ‘দিদি ওরা তো সব লাইনের তার কেটে দিয়েছে’ । আমরা ভিক্টোরিয়া থেকে দেখতে দেখতে এলাম । এটা কি চলছে ? এটা কিন্তু হবে না । এরা কিন্তু চলে যাবে । এটা মাথায় রাখুন ।’ এরপর তিনি সুর করে বলেন, ‘দিল্লি হলে টলমল, এরা হবে ঢলঢল।’
বিজেপির জবরদখল উচ্ছেদ অভিযান নিয়ে মমতা বলেন,’তিনটে বড়বড় বাড়ি যখন ভেঙে দেওয়া হল বুলডোজার দিয়ে, হকার উচ্ছেদ হল, উইদাউট কমপেনসেশন । তখন কোথায় ছিলেন এই নেতারা ? আজকে বোঝাচ্ছেন,আপ লোগো কো রক্ষা করনে কে লিয়ে । তারপর প্রকাশ্যে বলছে, ‘যাইয়ে, আপলোগ যিতনা মর্জি বিসনেজ কিজিয়ে’ । কারা গেছে জানেন ? হুক্কা থেকে শুরু করে ইডির ছক্কা, ব্যবসায় পক্কা-আ-আ ।’
সেই সাথে ঋতব্রত শিবিরকে উদ্দেশ্য মমতা বলেন, ‘নকল বেড়াল তপস্বী না হয়ে, বিজেপির পাশবালিশ না হয়ে সরাসরি বিজেপিতে যান।’ স্বভাবসিদ্ধ ঢঙে তিনি আরও যোগ করেন,’আমরা বেঁচে গিয়েছি। চোরগুলো বিজেপিতে চলে গিয়েছে। না, নেব না। একদম নেব না। এই লড়াই তখনই থামবে যখন দেখব আপদগুলো বিদায় নিয়েছে।’
তবে , চুপ করে বসে ছিল না ঋতব্রত শিবিরও।অভিষেক ও নেতৃত্বের বিরুদ্ধে সরাসরি আক্রমণ করেন মদন মিত্র । তিনি তীব্র ভাষায় বলেন,’দলের কর্মীদের টাকায় চাটার্ড বিমান কিনেছেন অভিষেক। মমতা বন্দ্যোপাধ্যায় এখন গান্ধারীর ভূমিকা পালন করছেন। ক্ষমতা থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চে এসে ক্ষমা চান। আমরা আমাদের উত্তরীয় আপনার পায়ের নিচে দিয়ে দেব।’
উল্লেখ্য,বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব ও বেনজির একুশে জুলাই দেখল রাজ্যবাসী। একদিকে মমতা ব্যানার্জির “কালীঘাট তৃণমূল”, অন্যদিকে ঋতব্রত ব্যানার্জিদের “নতুন তৃণমূল” পৃথক পৃথক ভাবে এরাজ্যে কর্মসূচি পালন করলেন । পাশাপাশি অন্যদিকে দিল্লির রাজঘাটে ২১ জুলাইয়ের শহিদ দিবস পালন করলেন তৃণমূল ছুটদের নিয়ে গঠন করা এনসিপিআই-এর (NCPI) সাংসদরা । উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, কাকলি ঘোষ দস্তিদার, শতাব্দী রায়, রচনা বন্দ্যোপাধ্যায়, পার্থ ভৌমিক, খলিলুর রহমান, আবু তাহের খান এবং ইউসুফ পাঠানের মতো হাইপ্রোফাইল নেতারা। তবে এদিন ছিলেন না দেব, জুন মালিয়া, সায়নী ঘোষ সহ ৯ জন দল ছুট সাংসদ ।।
