এইদিন বিনোদন ডেস্ক,১৪ জুন : বলিউড অভিনেত্রী মৌনি রায় স্পষ্ট করেছেন যে তিনি সমকামী নন এবং দিশা পাটানি তাঁর কেবল একজন ঘনিষ্ঠ বন্ধু। মৌনি রায় সম্প্রতি সোশ্যাল মিডিয়া এবং কিছু সংবাদমাধ্যমে দিশা পাটানির সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব নিয়ে ছড়ানো গুঞ্জনের বিষয়ে স্পষ্টীকরণ দিয়েছেন।তাদের দুজনের মধ্যে সমকামী প্রেমের সম্পর্ক রয়েছে এমন জল্পনা তিনি পুরোপুরি নাকচ করে দিয়েছেন।
সুরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের পর দিশা পাটানির সঙ্গে তাঁর ঘনিষ্ঠ বন্ধুত্বকে ঘিরে গুজব ও ট্রোলিংয়ের মাঝেই মৌনির এই প্রতিক্রিয়া আসে।অনেক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী দিশাকে এই বিচ্ছেদের কারণ হিসেবে অভিযুক্ত করেছিলেন। এই প্রসঙ্গে মৌনি রায় বলেন যে, দিশা পাটানি তাঁর কেবলই একজন ঘনিষ্ঠ বন্ধু, যিনি তাঁর জীবনের বিভিন্ন পর্যায়ে তাঁকে সমর্থন করেছেন। তিনি বলেন,’দিশা আমার ভালো বন্ধু। জীবনের সুখ-দুঃখের মুহূর্তে একমাত্র সেই আমাকে সমর্থন করে ।’
দুই অভিনেত্রীর একসঙ্গে জনসমক্ষে আসা এবং সোশ্যাল মিডিয়ায় ছবি ও ভিডিও শেয়ার করা নিয়ে অনেকের মনে সন্দেহ জেগেছিল যে তাদের মধ্যে সমকামী সম্পর্ক রয়েছে । তবে, মৌনি তাঁর অসন্তোষ প্রকাশ করে বলেছেন যে, এমন বন্ধুত্বকে ভুলভাবে ব্যাখ্যা করা এবং চাঞ্চল্যকর খবর তৈরি করা ঠিক নয়।
মৌনি বলেছেন,’আমি সমকামী নই। শুধু একসঙ্গে তোলা ছবি, ভিডিও বা জনসমক্ষে উপস্থিতির কারণে আমাদের সম্পর্ক নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় ।’ উল্লেখ্য,মৌনি রায় ও দিশা পাটানি বহু বছরের ভালো বন্ধু এবং তাদের মধ্যে পারস্পরিক সমর্থন ও বিশ্বাসের বন্ধন রয়েছে। নানা গুজব সত্ত্বেও, তারা তাদের বন্ধুত্ব বজায় রেখেছেন।
