এইদিন ওয়েবডেস্ক,দেরাদুন,২৬ এপ্রিল : উত্তরাখণ্ডের দেরাদুনের দুন মেডিকেল কলেজের একজন হিন্দু মহিলা কর্মচারী ডাক্তার গাজালা রিজভীর বিরুদ্ধে ধর্মীয় হয়রানি ও বৈষম্যের অভিযোগ উঠেছে । ওই কর্মচারী জানিয়েছেন যে তাঁকে মন্দিরে পূজা করতে, তিলক বা পবিত্র সুতো লাগাতে এবং ধর্মীয় কার্যকলাপ করতে বাধা দেন ডঃ গাজালা রিজভী। যদিও কলেজ প্রশাসন এই অভিযোগগুলিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
ইউপিএনএল-এর মাধ্যমে কলেজে কর্মরত ওই নারী কর্মী জানান, তিনি দীর্ঘদিন ধরে হাসপাতাল ক্যাম্পাসের মন্দিরে পূজা করে আসছেন। তিনি অভিযোগ করেন যে, প্যাথলজি বিভাগের প্রধান ডাঃ গাজালা রিজভী তাঁকে বারবার পূজা করা, কপালে তিলক লাগানো এবং হাতের কব্জিতে লাল সুতো পরতে বাধা দিয়েছেন। ওই নারী দাবি করেন যে, এর ফলে তিনি মানসিক হয়রানি ও অপমানের শিকার হয়েছেন। এছাড়াও, ওই কর্মী অভিযোগ করেন যে, কর্মকালীন সময়ে তাঁর সঙ্গে বৈষম্য করা হয়েছে, সহকর্মীদের তাঁর সঙ্গে কথা বলতে নিষেধ করা হয়েছে এবং তাঁর দায়িত্ব ঘন ঘন পরিবর্তন করা হয়েছে।
এই অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে হিন্দু রক্ষা দল ওই মহিলার সমর্থনে এগিয়ে আসে এবং কলেজের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে। সংগঠনটির সভাপতি ললিত শর্মা সতর্ক করে দেন যে, অবিলম্বে ব্যবস্থা না নেওয়া হলে একটি বড় আন্দোলন শুরু করা হবে। বিশ্ব হিন্দু পরিষদ এবং বজরং দলও বিষয়টিকে ধর্মীয় স্বাধীনতার সঙ্গে যুক্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে। অন্যদিকে, কলেজের অধ্যক্ষ ডঃ গীতা জৈন সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন এবং জানিয়েছেন যে অভিযোগগুলো তদন্তাধীন রয়েছে এবং সব দিক বিবেচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।।
