এইদিন ওয়েবডেস্ক,লখনউ,০৪ জুন : মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথ হত্যা মামলার মোস্ট ওয়ান্টেড আসামি গ্যাংস্টার জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে মনু আদালতে আত্মসমর্পণ করেছে । গ্যাংস্টার আইনে নথিভুক্ত একটি পুরনো মামলায় জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে মনু আদালতে আত্মসমর্পণ করলে আদালত তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে এবং মৌ জেলা কারাগারে প্রেরণ করে।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ হত্যা মামলায় অভিযুক্ত এবং মোট ১২টি ফৌজদারি মামলার আসামি, কুখ্যাত গ্যাংস্টার ও দাগী অপরাধী জ্ঞানেন্দ্র প্রতাপ সিং ওরফে মনু আজ বৃহস্পতিবার উত্তরপ্রদেশের বল্লিয়া জেলার একটি আদালতে আত্মসমর্পণ করেছে । চন্দ্রনাথ রথ হত্যা মামলার তদন্তে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই)-এর নিবিড় তল্লাশি অভিযানের মধ্যেই এই ঘটনাটি সামনে এসেছে। কর্মকর্তাদের মতে, গ্যাংস্টার আইনে নথিভুক্ত একটি পুরনো মামলায় জ্ঞানেন্দ্র প্রতাপ সিং আদালতে আত্মসমর্পণ করে, যার পরে আদালত তাকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে মৌ জেলা কারাগারে প্রেরণ করে।এ বিষয়ে তথ্য দিয়ে বাঁশডিহ রোড থানার স্টেশন হাউস অফিসার (এসএইচও) বংশ বাহাদুর সিং বলেন,’চন্দ্রনাথ রথ হত্যা মামলাসহ অভিযুক্তের বিরুদ্ধে মোট ১২টি ফৌজদারি মামলা নথিভুক্ত করা হয়েছে। ২০২৩ সালে বাঁশডিহ রোড থানায় অভিযুক্তের বিরুদ্ধে গ্যাংস্টার আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল।’
অভিযুক্তের আইনজীবী কৈশ সিংয়ের মতে, গ্যাংস্টার কোর্টের বিচারক হরিশ কুমার তাঁর মক্কেলকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়েছেন। তিনি বলেন, গত ২৫ মে মামলার শুনানিতে হাজির হতে ব্যর্থ হওয়ায় আদালত অভিযুক্তের বিরুদ্ধে একটি জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল।আইনজীবী অভিযোগ করেছেন যে, সিবিআই কর্মকর্তারা অভিযুক্তকে আত্মসমর্পণ করার জন্য চাপ দিচ্ছেন এবং সম্প্রতি তদন্তের অংশ হিসেবে তার বাসভবন থেকে সিসিটিভি ফুটেজ বাজেয়াপ্ত করেছেন। অন্যদিকে, অভিযুক্তের স্ত্রী মহিমা সিং বলেছেন যে তার স্বামী নির্দোষ এবং সিবিআই তদন্তের ওপর তার পূর্ণ আস্থা রয়েছে।তিনি সংবাদ সংস্থাটিকে বলেন,’চন্দ্রনাথ রথ হত্যা মামলায় আমার স্বামীকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হয়েছে। সিবিআই-এর ওপর আমাদের পূর্ণ আস্থা আছে এবং আমরা আত্মবিশ্বাসী যে ন্যায়বিচার নিশ্চিত হবে। সিবিআই ও পুলিশের দল নিয়মিত তাদের বাড়িতে আসছে এবং পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে ।’
সম্প্রতি, এক অভিযুক্তের করা একটি ভিডিও ও ফেসবুক পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে তিনি চন্দ্রনাথ রথ হত্যা মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে আবেদন জানিয়েছিলেন।ওই সোশ্যাল মিডিয়া পোস্টে, তাদের গ্রামের মুকেশ কুমার সিং এবং সন্দীপ সিং সহ তিনজনকে চন্ত্রনাথ রথের হত্যাকাণ্ডের প্রধান ষড়যন্ত্রকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছিল। এও বলা হয়েছিল যে নিশান্ত সিং নামে আরও একজন এই মামলায় জড়িত ছিল। গত ৬ই মে চন্দ্রনাথ রথকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল।।
