এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ অক্টোবর : দুর্গাপুজো সম্পর্কে অবমাননাকর মন্তব্যের অভিযোগে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে । রাজ্য বিজেপি মুখপাত্র সপ্তর্ষি চৌধুরীর অভিযোগের ভিত্তিতে উত্তর কলকাতার টালা থানা একটি এফআইআর দায়ের করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে । সপ্তর্ষি চৌধুরীর অভিযোগ,দেবী দুর্গা সম্পর্কে বারংবার অবমাননাকর মন্তব্য করে হিন্দুদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহন্মদ সেলিম সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিওতে সেলিম দেবী দুর্গা সম্পর্কে অবমাননার মন্তব্য করে হিন্দুদের ভাবাবেগে আঘাত দিয়েছেন বলে অভিযোগ তার ।
সোমবার সপ্তর্ষি বলেন,’মা দুর্গা নিয়ে উনি যে ভাবে একের পর এক মন্তব্য করছেন, তাতে আমাদের হিন্দুদের আঁতে লাগছে। হিন্দু সম্প্রদায় নিয়ে উনি যা যা বলছেন, তাতে আমরা মর্মাহত। উনি রাশিয়া,চীন প্রভৃতি দেশ নিয়ে বলুন যেখানে নাকি ওনাদের পতাকা উড়ছে । তবে জানিনা উড়ছে কিনা । কিন্তু হিন্দু দেবদেবী নিয়ে বারবার এই মন্তব্য আমরা আর মেনে নিতে পারছি না ।’
তিনি বলেন,’বারবার হিন্দুদেরকে এভাবে ভাঙা, বাঙালি হিন্দু, তামিল হিন্দু, গুজরাতি হিন্দু, বিহারি হিন্দু, ওড়িয়া হিন্দু, উত্তরপ্রদেশের হিন্দু। হিন্দু এক। ইউনাইটেড। হিন্দু সম্প্রদায়কে নিয়ে যে কথাগুলো বারবার উনি বলছেন, সেটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের এবং আমরা মর্মাহত হয়েছি।’ সপ্তর্ষি চৌধুরী বলেছেন,’মা দুর্গা নিয়ে উনি যে মন্তব্য করেছেন, তার প্রতিবাদে আমি টালা থানায় অভিযোগ জানিয়েছি। পুলিশ কী পদক্ষেপ করে, সে দিকে তাকিয়ে আছি।’
অন্যদিকে, অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। তাঁর দাবি, মহম্মদ সেলিম এমন কোনও মন্তব্য করেছেন বলে তিনি জানেন না। বিজেপি নেতা গুরুত্ব পাওয়ার জন্য এই অভিযোগ করছেন বলেও কটাক্ষ করেন সুজন।
উল্লেখ্য,মহাষ্টমীর দিন পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি শহরে দেবীর পূজো দিতে দিয়ে বামপন্থী ও আরশোলাদের এড়িয়ে চলার পরামর্শ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । তিনি বলেছিলেন,’যারা লেকচার মারছে… কমিউনিস্টরা, তারা এসব করে না। পুষ্পাঞ্জলি দেয় না । চরণামৃত খায় না। হাতে ডোর লাগায় না । কপালে টিকা লাগায় না । এদের থেকে সাবধানে থাকবেন। আরশোলা -ছারপোকা প্রভৃতি যাদের বাপ ঠাকুরদা চিনে থাকে তাদের থেকে খুব সাবধানে থাকবেন। বাংলাদেশের মতো গোটা ভারতবর্ষ জুড়ে এরা অস্থিরতা তৈরি করতে চাইছে। খুব সাবধানে থাকবেন । এদেরকে যেকোনোভাবে প্রতিহত করতে হবে ।’।

