এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২২ অক্টোবর : বুধবার দশমীর দিন রাতে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে বিস্ফোরক বোঝাই একটি গাড়ি আটক করেছে পুলিশ । যশোর রোডের দত্তপুকুরের তেঁতুলতলা এলাকা থেকে গাড়িটি আটক করা হয় । গাড়িটি থেকে প্রায় ৩ কেজি বিস্ফোরক (গানপাউডার), বিভিন্ন রাসায়নিক এবং লোহার জালকাঠির মতো সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে । গাড়ির মালিক শেখ রাকিবুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ । এদিকে ঘটনাস্থলে পৌঁছেছে এসটিএফ, এনআইএ ও বম্ব স্কোয়াড। রাত থেকেই ঘটনাস্থল ঘিরে ফেলে এনএসজি। আজ বৃহস্পতিবারই আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাতে পারে এনআইএ।
জানা গিয়েছে, তৃণমূল জমানায় বাড়বাড়ন্ত রাকিবুলের । আগে মোটর মেকানিকের কাজ করতেন তিনি। পূর্বতন শাসকদল তৃণমূলের ছত্রছায়ায় ২০১৮ সাল থেকে তার উত্থান। একে একে ৪টি গাড়ির শোরুমের মালিক হন রাকিবুল । এছাড়া রয়েছে ২টি বিলাসবহুল বাড়ি । দশমীর দিন দুপুরে নিজের একটি শোরুমেই ছিলেন রাকিবুল। শোরুমের বাইরেই রাখা ছিল গাড়িটি। পুলিশ সূত্রে খবর, দত্তপুকুরের তেঁতুলতলা এলাকায় একটি গাড়িতে সন্দেহজনক জিনিসপত্র রয়েছে— এই মর্মে আগে থেকেই খবর ছিল এসটিএফ-এর কাছে। সেই সূত্র ধরেই গাড়িটির উপর নজর রাখা শুরু হয়। বুধবার রাতেই গাড়িটি আটক করে তার মালিক রাকিবুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয় ।
উৎসবের মরশুমে গাড়িতে করে এত বারুদ ও বিস্ফোরক কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং কোনো নাশকতার পরিকল্পনা ছিল কিনা তা জানতে ধৃতকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে । ঘটনাস্থলের কাছেই ভারত-বাংলাদেশ সীমান্ত। আর তদন্তকারীরা জানতে পারেন যে গাড়িটি কলকাতায় আনা হচ্ছিল । ফলে নাশকতার ছক ও বাংলাদেশি চরমপন্থী গোষ্ঠীর সংযোগ উড়িয়ে দিচ্ছে না তদন্তকারীরা । রাকিবুলের দুটি মোবাইল ও একটি ল্যাপটপ বাজেয়াপ্ত করে তদন্তকারীরা। সেগুলি থেকে কোনও সূত্র পাওয়া যায় কি না তা খতিয়ে দেখা হচ্ছে।।
