এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২০ এপ্রিল : রেশন দুর্নীতি মামলার মূল মাথা জ্যোতিপ্রিয় মল্লিক এখন জামিনে মুক্ত । শুধু তাইই নয়,এবারের বিধানসভার ভোটে তাকে হাবড়া থেকে টিকিটও দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি । তবে রেশন দুর্নীতি মামলার মূল মাথা ভোটে লড়াই করলেও এই মামলা বন্ধ হয়নি । এবারে ইডির র্যাডারে বসিরহাটের প্রাক্তন তৃণমূল সাংসদ অভিনেত্রী নুসরত জাহান । বাংলাদেশে গম পাচারের ঘটনায় তাকে জিজ্ঞাসাবাদের জন্য ২২ এপ্রিল দিল্লির সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি । যদিও জানা যাচ্ছে যে নুসরত জাহান বর্তমানে কলকাতায় নেই ।
উল্লেখ্য, ২০২৩ সালের ২৭ অক্টোবর তৃণমূল নেতা তথা তৎকালীন বনমন্ত্রী ও প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়কে গ্রেফতার করে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ, রাজ্যে রেশন বিতরণে ব্যাপক দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন জ্যোতিপ্রিয়৷ তাকে এই দুর্নীতির ‘রিংমাস্টার’ আখ্যা দেয় ইডি । ইডির আইনজীবী বলেছিলেন, ‘আমরা যদি পাখির চোখে দেখি, গঙ্গায় যেমন বিভিন্ন নদীর শাখাপ্রশাখা মিলিত হয়, তেমনই রেশন দুর্নীতির সবটাই গিয়ে মিশছে বালু-তে। দীর্ঘ জেরা ও প্রমাণ সংগ্রহের পর তাঁকে গ্রেফতার করা হয়। প্রায় ১৪ মাস তদন্তের পর,গত বছরের জানুয়ারিতে আদালতের নির্দেশে তিনি জামিন পান। ৫০ হাজার টাকার জামিন বন্ড এবং ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেওয়া হয়েছে তাঁকে। জামিনে মুক্তি পাওয়ার মাত্র সপ্তাহখানেক পর একই মামলায় অভিযুক্ত তাঁর ঘনিষ্ঠ আনিসুরও জামিনে ছাড়া পান ।
তবে সম্প্রতি রেশন দুর্নীতির ‘রিংমাস্টার’ আদরের বালুর সমর্থনে হাবড়ায় নির্বাচনী জনসভায় মমতা তাকে দরাজ সার্টিফিকেট দিয়ে “নির্দোষ আখ্যা দিয়ে ‘বালু ষড়যন্ত্রের শিকার’ বলেও মন্তব্য করেন৷
প্রসঙ্গত, রেশন দুর্নীতি মামলায়, আদালতে পেশ করা প্রথম চার্জশিটে, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দাবি করে, এখনও ১০০ কোটি টাকার দুর্নীতির প্রমাণ মিলেছে। ৩৬ কোটি টাকা গেছে ধৃত প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে।তদন্তকারী সংস্থা দাবি করেছে যে, পশ্চিমবঙ্গের গণবন্টন ব্যবস্থা (পিডিএস) সংক্রান্ত কেলেঙ্কারির মোট পরিমাণ হল প্রায় “৯,০০০-১০,০০০ কোটি টাকা”। যার মধ্যে ২,০০০ কোটি টাকা সরাসরি অথবা বাংলাদেশের মাধ্যমে দুবাইয়ে পাচার করা হয়েছে । আর এই পাচারে নায়িকা নুসরত জাহানের ভূমিকা খতিয়ে দেখতেই তাকে তলব করল ইডি ৷ যদিও অভিনেত্রী বর্তমানে অভিনেতা স্বামী যশ দাশগুপ্তের সঙ্গে ছুটি কাটাচ্ছেন বলে জানা গেছে ।।
