এইদিন ওয়েবডেস্ক,ঢাকা,২৬ নভেম্বর : কলকাতায় খুন হওয়া বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের আওয়ামী লীগের প্রাক্তন সাংসদ আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকার মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে ডিবির ওয়ারী বিভাগের একটি দল তাকে গ্রেপ্তার করে।
ডিবি জানিয়েছে, গ্রেপ্তার মুনতারিন ফেরদৌস ডরিন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা। তার বাবা প্রয়াত আনোয়ারুল আজীম আনার ঝিনাইদহ-৪ আসনের প্রাক্তন সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি। ডরিন বর্তমানে রাজধানীর লালমাটিয়ায় বসবাস করেন।
তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিবি। তবে ঠিক কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা ডিবির দেওয়া তথ্যে উল্লেখ করা হয়নি। উল্লেখ্য,২০২৪ সালের মে মাসে কলকাতার নিউ টাউনের একটি বিলাসবহুল ভবনে আনার হত্যার ঘটনা ঘটে।।
