এইদিন ওয়েবডেস্ক,হিমাচল প্রদেশ,২৬ নভেম্বর : প্রতিটা মানুষ চান একটা সুস্থ সুন্দর সংসার । কিন্তু ভাগ্যের বিড়ম্বনায় কারো কারোর সেই ইচ্ছাপূরণ হয় না । প্রাপ্ত বয়স্ক অনেক মানুদেরই আশ্রয় নিতে হয় বৃদ্ধাশ্রমে । যদি প্রিয়জনদের দ্বারা পরিত্যক্ত হওয়ার তীব্র যন্ত্রণার মাঝেও তাদের জীবনে একটু আনন্দ আসে । তবে শুধু আনন্দ নয়,জীবনের পড়ন্ত বেলায় নতুন করে সংসার গড়লেন এক প্রৌঢ় জুটি । হিমাচল প্রদেশের বিলাসপুর জেলার ‘আপনা ঘর’ বৃদ্ধাশ্রম থেকে এমনই এক সুখবর এসেছে। জীবনের শেষ প্রান্তে এসে ৭৫ বছর বয়সী কানহাইয়া লাল এবং ৬৩ বছর বয়সী সাবিনা আবারও ভালোবাসা খুঁজে পেয়েছেন।
বুধবার(২৫ নভেম্বর) “আপনা ঘর”-এ তাদের বিয়ে সম্পন্ন হয়। এই বৃদ্ধাশ্রমে পরিচয় হওয়া দুজনের বন্ধুত্ব ভালোবাসায় পরিণত হয়েছিল। নিজেদের পরিবারের তিক্ত অভিজ্ঞতার পর কানহাইয়া ও সাবিনা আপনা ঘরে এসেছিলেন।
কানহাইয়া লাল হিমাচল প্রদেশের মান্ডি জেলার জানজেলির একজন কৃষক ছিলেন। তাঁর স্ত্রী মারা গিয়েছিলেন এবং তাঁর কোনো সন্তান ছিল না। এরপর তিনি তাঁর জমি ভাইয়ের কাছে বিক্রি করে দেন। বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পর কানহাইয়া বহু বছর জঙ্গলের একটি গুহায় বাস করেন । প্রায় চার বছর আগে কর্তৃপক্ষ তাঁকে উদ্ধার করে আপনা ঘরে নিয়ে আসে।
অন্যদিকে কলকাতার বাসিন্দা সাবিনা বাড়ি ছেড়ে হিমাচল প্রদেশে চলে গিয়েছিলেন। শিমলায় তাঁদের খুঁজে পাওয়ার পর আপনা ঘরে নিয়ে আসা হয়। এখানে, একে অপরের খুব কাছাকাছি চলে আসেন । গড়ে ওঠে প্রেমের সম্পর্ক । তারপর দুজন তাঁদের বাকি জীবন একসঙ্গে কাটানোর সিদ্ধান্ত নেন।
বৃদ্ধাশ্রমের অন্যান্য বাসিন্দা ও কর্মচারীরা বিবাহ অনুষ্ঠানটি সম্পন্ন করেন। ঐতিহ্যবাহী হিন্দু রীতি অনুযায়ী হলদি, মেহেন্দি এবং হিমাচলি লোকসঙ্গীতসহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বিবাহটি অনুষ্ঠিত হয়।
বিলাসপুরের ডেপুটি কমিশনার কিরণ ভাদানা এবং জেলা সমাজকল্যাণ কর্মকর্তা রমেশ বনসাল অনুষ্ঠানে উপস্থিত থেকে নবদম্পতিকে আশীর্বাদ করেন এবং তাঁদের বিয়ের উপহার দেন । বিবাহের পর, নবদম্পতি তাঁদের দাম্পত্য জীবন শুরু করার জন্য সোলান জেলার নালাগড়ের অন্য একটি বৃদ্ধাশ্রমে চলে যাবেন বলে জানা গেছে ।।
