এইদিন ওয়েবডেস্ক,পূর্ব মেদিনীপুর,২৩ মে : রাজ্যের ক্ষমতা বদল হতেই পূর্ববর্তী শাসকদল তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতাদের কুকীর্তি প্রকাশ্যে আসছে । উত্তর ২৪ পরগণা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালির শেখ শাহজাহান ও তার বাহিনীর কীর্তিকাহিনী ইতিমধ্যেই গোটা বিশ্বের সামনে এসেছে । এলাকার সুন্দরী মহিলাদের রাতে পার্টি অফিসে ডেকে কথিত “পিঠে বানান”র অভিযোগের কথা সকলেরই জানা । এই কান্ডের মূল পান্ডা শাহজাহান বর্তমানে জেলে । এবারে পূর্ব মেদিনীপুরের পটাশপুর ২ ব্লকের সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত অফিস কার্যালয় থেকে এমন কিছু জিনিসপত্র উদ্ধার হয়েছে, যা দেখে সন্দেশখালির পার্টি অফিসগুলিতে “পিঠে বানানো”র স্মৃতি তাজা হয়ে গেছে ।
দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ শনিবার পুলিশকে সাথে নিয়ে সাউথখণ্ড গ্রাম পঞ্চায়েত কার্যালয় খোলেন বিজেপি কর্মীরা। আর পঞ্চায়েত অফিসের তিন তলার একটি ঘরে ঢুকতেই চোখ কপালে উঠে যায় সকলের । ঘরের ভিতরে দেখা যায় বিনোদনের যাবতীয় সামগ্রী । ঘরে রয়েছে এয়ার কন্ডিশনার । খাটের উপরে নরম বিছানা, মহিলার শাড়ি । শুধু তাইই নয়,বিছানার তলায় পাওয়া গেল কন্ডোমের প্যাকেট । এখানেই শেষ নয়, কার্যালয়ের ভেতর থেকে মিলেছে জুয়ার বোর্ড এবং শয়ে শয়ে রেশন কার্ড ও মৎস্যজীবীদের পরিচয়পত্র।এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় পঞ্চায়েত প্রধান বিজনবন্ধু বাগের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে বিজেপি ।
বিজেনবন্ধু বাগকে ‘পটাশপুরের শাহজাহান’ বলে অবিহিত করে বিজেপির অভিযোগ, সন্দেশখালির শেখ শাহজাহানের মতোই এই এলাকায় সমান্তরাল রাজত্ব ও অসামাজিক কার্যকলাপ চালাচ্ছিল তৃণমূল নেতা বিজেনবন্ধু বাগ । তাদের অভিযোগ,সরকারি অফিসকে দীর্ঘদিন ধরে নিজেদের ব্যক্তিগত প্রমোদতরী বানিয়ে রেখেছিলেন স্থানীয় কিছু তৃণমূল প্রভাবশালী নেতারা ।বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং অভিযুক্ত তৃণমূল নেতার দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়েছে।।
