এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,২৩ মে : পূর্ববর্তী মমতা ব্যানার্জির নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস সরকারের নির্দেশ প্রত্যাহার করে মুসলিমদের বকরিদ উৎসবের ছুটি কমিয়ে দিয়েছে নতুন পশ্চিমবঙ্গ সরকার । এখন থেকে এই উৎসবের জন্য মাত্র একদিন ছুটি থাকবে। মমতা সরকারের আগের আদেশ অনুসারে, বকরিদের জন্য দুই দিনের ছুটি দেওয়া হয়েছিল। আগামী ২৮শে মে সারা দেশে বকরিদ পালিত হবে।
পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তনের সাথে সাথে রাজ্যে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুভেন্দু সরকার আজ শনিবার বকরিদ উৎসবে ছুটি দেওয়ার পূর্ববর্তী মমতা সরকারের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে। আগে মমতা ব্যানার্জী সরকারের আমলে বকরিদের জন্য দুই দিনের ছুটি দেওয়া হয়েছিল। কিন্তু এখন ২৮শে মে অনুষ্ঠিত হতে চলা ঈদুল আজহায় মাত্র একদিনের ছুটি থাকবে। অর্থাৎ, ২৮শে মে ছুটি থাকবে। ২৯শে মে কর্মদিবস হবে।
বকরিদের আগে পশু কোরবানি নিয়ে দেশের অনেক অংশে বিতর্ক তীব্র হয়েছে। শুভেন্দু সরকার পশুহত্যা বিধির বিষয়ে কড়াকড়ি করেছে৷ তৃণমূলের তরফে সাংসদ মহুয়া মৈত্র ও বামপন্থীরা এই কড়াকড়ি প্রত্যাহারের জন্য ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল । কিন্তু আদালত সরকারি নির্দেশিকায় হস্তক্ষেপ করতে অস্বীকার করেছে । এদিকে, জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী বলেছেন যে, ইসলামে কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই প্রত্যেক মুসলমানের উচিত নিজ নিজ কোরবানির অংশটুকু পালনের জন্য সর্বাত্মক চেষ্টা করা।।
