এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৯ মে : শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই একের পর এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন শুভেন্দু অধিকারী ৷ উপদেষ্টা হিসেবে নিয়োগ করা হল সুব্রত গুপ্তকে । তিনি এবারের বিধানসভা নির্বাচনে বিশেষ পর্যবেক্ষকের দায়িত্ব সফলভাবে পালন করেন । পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের ব্যক্তিগত সচিব হিসাবে ২০১৭ ব্যাচের আইএএস অফিসার শান্তনু বালাকে নিয়োগ করেছেন । শান্তনু বালা এর আগে দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক হিসেবে কর্মরত ছিলেন। দক্ষ প্রশাসক হিসেবে তিনি প্রশাসনিক মহলে পরিচিত ।
মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই আজ সন্ধ্যা পর্যন্ত ব্যস্ততম দিন কাটালেন শুভেন্দু অধিকারী । প্রথমে তিনি জোড়াসাঁকো ঠাকুরবাড়ীতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী উপলক্ষে প্রণাম নিবেদন করেন । সেখান থেকে তিনি ভারত কেশরী ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে যান । এরপর প্রণবানন্দজী মহারাজ প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘ দর্শন ও প্রণাম নিবেদন করেন । সেখান থেকে চলে যান কালীঘাট মন্দিরে । সেখানে দেবী দক্ষিণাকালীর পূজো করেন । পরে চেতলা শীতলা মায়ের মন্দিরে গিয়ে দেবীকে পূজো দেন মুখ্যমন্ত্রী ।
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন,”আমি যখন প্রথম কালীঘাট মন্দিরে দেবীর পূজো দিতে গিয়েছিলাম তখন দেবীর চরণ থেকে একটা পদ্মফুল আমার হাতে এসে পড়ে । তখনই বুঝেছিলাম মা দক্ষিণাকালীর আশীর্বাদ আমার বা আমার দলের উপর আছে” ।।
