এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৩ এপ্রিল : ভোটের ঠিক মুখেই কলকাতার নরেন্দ্রপুর থানার অন্তর্গত গড়িয়ার নবগ্রামের একটি ফ্লাট থেকে এক যুবকের গুলিবিদ্ধ রক্তাক্ত দেহ উদ্ধার করল পুলিশ । আজ রবি ও সোমবার মধ্যরাত রাত ১টা নাগাদ যুবকের ফ্লাট থেকে পরপর কয়েক রাউন্ড গুলির শুনতে পায় আবাসিকরা । তাদের মধ্যে কয়েকজন ছুটে গেলে অকুস্থলে যুবকের রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে । পরে খবর পেয়ে নরেন্দ্রপুর থানার যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন । পুলিশ জানিয়েছে,মৃত যুবকের নাম অরূপ মণ্ডল(৩৭)৷ তিনি ফ্লাটে একাই থাকতেন । ওই ঘটনায় মৃত যুবকের এক বন্ধু ও এক বান্ধবীকে পুলিশ গ্রেপ্তার করেছে । ঘটনাস্থল থেকে ২টি আগ্নেয়াস্ত্র ও ৬ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে ৷
এদিকে রাতেই খবর পেয়ে ছুটে আসে মৃতের পরিবারের লোকজন । যদিও কে বা কারা এবং কেন অরূপকে খুন করল এই বিষয়ে তারা ধোয়াশায় রয়েছেন । পুলিশ ধৃতদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি অরূপের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা তা খতিয়ে দেখছে । আজ সোমবার মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয় ।।
