এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,৩১ অক্টোবর : পূর্ব লন্ডনে ১৩ বছর বয়সী এক কিশোরীর সাথে সামুহিক দুষ্কর্ম করে পালিয়ে আসা দুই বাংলাদেশিকে পাকড়াও করতে ঢাকায় এসেছে ব্রিটিশ পুলিশ । তাদের নিজেদের হেফাজতে নেওয়ার জন্য ব্রিটিশ পুলিশ এলাকায় ঘুরে ঘুরে সাধারণ মানুষের সহায়তা চাইছে । ইতিমধ্যেই ব্রিটিশ পুলিশ ৩১ বছর বয়সী শওকত আহমেদ ও ৩৪ বছর বয়সী জাহিদুল হাসান জায়গীরদার নামে ওই দুই নরপশুর বিরুদ্ধে ১০ হাজার পাউন্ড পুরস্কার ঘোষণা করেছে ।
বৃহস্পতিবার লন্ডন পুলিশের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শওকত আহমেদ ও জাহিদুল হাসান জায়গীরদারের লন্ডনের টাওয়ার হ্যামলেটস এলাকার সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে।শওকত আহমেদ এখনো যুক্তরাজ্যে অবস্থান করছেন এবং অন্যদিকে জাহিদুল হাসান বাংলাদেশে পালিয়ে এসেছে বলে মনে করছে লন্ডন পুলিশ ।
পুলিশ জানিয়েছে, ২০২৪ সালের ১ আগস্ট রাতে পূর্ব লন্ডনের বেথনাল গ্রিন এলাকায় ওই কিশোরীকে অপহরণ করে উপর্যুপরি যৌন নির্যাতন চালায় শওকত আহমেদ ও জাহিদুল হাসান জায়গীরদার। পুলিশের দেওয়া ঘটনার বিবরণ অনুযায়ী, লন্ডনের হোয়াইটচ্যাপেল রোডে দুজনের সঙ্গে তাঁর দেখা হয়। পরে তাঁরা কিশোরীকে কাছের উইভার্স ফিল্ডস পার্কে নিয়ে যান। সেখানে তার উপর পাশবিক নির্যাতন চালায় । পরে এক পথচারী তাকে দেখতে পেয়ে সহায়তা করেন।
ঘটনার পর থেকে পুলিশের গোয়েন্দারা সিসিটিভি ফুটেজ পর্যালোচনা, ফরেনসিক পরীক্ষা এবং সম্ভাব্য প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলাসহ নানাভাবে তদন্ত চালিয়ে আসছেন। তদন্তের নেতৃত্বে থাকা গোয়েন্দা কর্মকর্তা আনা ডেইটন বলেন, ঘটনার অভিযোগ পাওয়ার পর থেকে ওই দুই দুষ্কৃতীর সন্ধানে পুলিশ ব্যাপক অনুসন্ধান চালিয়েছে। আনা ডেইটন আরও বলেন, শওকত আহমেদ ও জাহিদুল হাসানের অবস্থান শনাক্ত করে তাঁদের সঙ্গে কথা বলতে চায় পুলিশ। তাঁদের একজন যুক্তরাজ্যে রয়েছে এবং অন্যজন বাংলাদেশে চলে গেছেন বলে মনে করা হচ্ছে। তাদের অবস্থান সম্পর্কে কোনো তথ্য থাকলে পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। একই সঙ্গে ওই দুই ব্যক্তিকেও পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।
ক্রাইম স্টপার্সের লন্ডন অঞ্চলের ব্যবস্থাপক আলেক্সা লুকাস বলেন, ওই কিশোরী ভয়াবহ ও মানসিকভাবে বিপর্যয়কর হামলার শিকার হয়েছে। তদন্তে দুই ব্যক্তিকে শনাক্ত করা অগ্রগতির বিষয় হলেও তাঁদের অবস্থান খুঁজে বের করা এখন গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, কারও কাছে সামান্য তথ্য থাকলেও তা তদন্তে সহায়ক হতে পারে। ক্রাইমস্টপার্সের কাছে পরিচয় গোপন রেখে তথ্য দেওয়া যাবে।
এদিকে ওই দুই বাংলাদেশির ছবি ও পরিচয় প্রকাশ করেছে লন্ডন পুলিশ। পুলিশ জানিয়েছে, এ ঘটনা সম্পর্কে কোনো তথ্য থাকলে ১০১ নম্বরে ফোন করে ০১/৬৬৮২৯৫/২৪ রেফারেন্স নম্বর উল্লেখ করতে হবে। এ ছাড়া ক্রাইম স্টপার্সের ০৮০০ ৫৫৫ ১১১ নম্বরে পরিচয় গোপন রেখে তথ্য দেওয়া যাবে।।
