লোকসভার বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর ভিয়েতনাম সফর নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। বিজেপি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিমানের ভেতর থেকে ধারণ করা ভিডিও শেয়ার করে দাবি করেছে যে, রাহুল ভিয়েতনামে যাচ্ছেন। দেশে যখন বিভিন্ন রাজনৈতিক বিষয় ও বিক্ষোভ সক্রিয়, ঠিক সেই সময়ে রাহুলের এই বিদেশ সফরের তীব্র সমালোচনা করেছে বিজেপি।
বিজেপি ব্যঙ্গাত্মক মন্তব্যসহ ফুটেজটি প্রকাশ করেছে, “আপনি কি ক্লান্ত?” বিজেপি তাদের ‘ইন্ডিয়া এক্স’ হ্যান্ডেলেও ফুটেজটি শেয়ার করে বলেছে, “আমি মিথ্যা ছড়াতে ছড়াতে ক্লান্ত। আমাকে কিছুদিনের জন্য ভিয়েতনামে যেতে দিন, এ ব্যাপারে কেউ জানতে পারবে না।” বিজেপির অভিযোগ, রাহুল গান্ধী জনপ্রিয় বিষয় ও বিক্ষোভ থেকে পালিয়ে বেড়াচ্ছেন এবং দলের দায়িত্ব এড়ানোর জন্য নিয়মিত বিদেশ সফর করছেন।
বিজেপি মুখপাত্র আরপি সিং বলেন, “দেখুন, রাহুল প্রতিবারই এটা করেন। বিহার সফরের পর তিনি দুই মাসের ছুটিতে বিদেশে যান। হয়তো তিনি সেইবার ভিয়েতনামে গিয়েছিলেন, এবারও ভিয়েতনামে যাবেন।” বিজেপি রাহুলকে উপহাস করে বলে যে, তিনি এত রাজনৈতিক চাপ সামলাতে পারেন না এবং মাঝে মাঝেই ছুটিতে চলে যান।
বিজেপি নেত্রী শাজিয়া ইলমি কটাক্ষ করেছেন,”রাহুল গান্ধীর এটা সহ্য করার ক্ষমতা নেই। তিনি আর কত পরিশ্রম করবেন? ভোট চুরির বিষয়টি কেবল একটি অজুহাত। তিনি যে কতটা অলস, তা সবাই জানে। এখন আবার তাঁর ছুটি শুরু হয়ে গেছে। এবার রাহুল দুই সপ্তাহও কঠোর পরিশ্রম করতে পারেননি। এর মধ্যেই তিনি চলে গেছেন।”
এদিকে, বিজেপির কটাক্ষের কড়া জবাব দিয়েছে কংগ্রেস। কংগ্রেস রাজনৈতিক প্রতিপক্ষদের বিরুদ্ধে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন এবং মিথ্যা প্রচার চালানোর অভিযোগ করেছে। কংগ্রেস আরও অভিযোগ করেছে যে, বিজেপি জনগণের প্রকৃত সমস্যা এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে হওয়া প্রতিবাদ থেকে মনোযোগ সরানোর চেষ্টা করছে।
কংগ্রেস নেতা সন্দীপ দীক্ষিত বলেছেন,’কে কোথায় ভ্রমণ করছেন? এটাই কি মূল বিষয়? অন্যরাও কি বিদেশে ভ্রমণ করেন না? রাহুল গান্ধী একজন ব্যক্তি, তিনি বিরোধী দলের নেতা; তাঁর দায়িত্ব আছে। তিনি ইয়েল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন, লন্ডনের শিক্ষার্থীদের সঙ্গে কথা বলছেন… তিনি এমন কিছু করছেন যা প্রধানমন্ত্রী করেন না, তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন।’ লোকসভা অধিবেশন চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিদেশ সফরের বিষয়টিও তুলে ধরেন সন্দীপ। সন্দীপ আরও প্রশ্ন তোলেন, তখন কেন কোনো প্রশ্ন তোলা হয়নি।।

