এইদিন স্পোর্টস নিউজ,২৪ মে : জেলার মেয়েদের আত্মরক্ষার প্রশিক্ষণে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে বর্ধমান ক্যারাটে-ডো এসোসিয়েশন। এই এসোসিয়েশনের সৌজন্যে রাজ্য ও জাতীয় স্তরের প্রায় প্রতিটি ক্যারাটে প্রতিযোগিতায় ছাপ রেখে যাচ্ছে পূর্ব বর্ধমান জেলার মেয়েরা ৷ ফের একবার সাফল্য পেলো এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও প্রশিক্ষক রেনসি দেবাশীষ কুমার মন্ডলের এক শিক্ষার্থী । বর্ধমানের ছোট্ট অয়ন্তিকা সাহা ১০ বছর ও অনুর্ধ ৪০ কেজি মহিলা কুমি বিভাগে প্রথম স্থান লাভ করে আসন্ন ন্যাশনাল ক্যারাটে চ্যাম্পিয়নশিপে পশ্চিমবঙ্গ রাজ্য দলের হয়ে খেলার ছাড়পত্র অর্জন করেছে বলে জানিয়েছেন দেবাশীষবাবু । উল্লেখযোগ্য বিষয় হল যে এই প্রতিযোগিতায় রাজ্যের জেলাগুলি থেকে প্রায় ১২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে । তাদের মধ্যে অয়ন্তিকার এই সাফল্যের পর প্রশংসায় পঞ্চমুখ হয়েছে সকলে ।
গত ২১ থেকে ২৩ মে,দমদমের জৌপুর ক্রিকেট কোচিং সেন্টারে আয়োজিত হয়েছিল “ওয়েস্ট বেঙ্গল সাব-জুনিয়র, ক্যাডেট ও জুনিয়র স্টেট ক্যারাটে সিলেকশন ২০২৬ ফর ন্যাশনাল” প্রতিযোগিতা । প্রতিযোগিতাটি পরিচালনা করে ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল । তত্ত্বাবধানে ছিলেন রাজ্য ক্যারাটে সংস্থার সভাপতি হানসি প্রেমজিত সেন ও সম্পাদক হানসি জয়দেব মণ্ডল। রাজ্য জুড়ে প্রায় ১২০০ জন প্রতিযোগী অংশগ্রহণ করে । পূর্ব বর্ধমান জেলা থেকে মোট ১৭ জন ক্যারাটেকা অংশগ্রহণ করেছিল বলে জানান দেবাশীষ কুমার মন্ডল ।
দেবাশীষবাবু জানান,এই ক্যারাটে প্রতিযোগিতাটি ছিল অফিসিয়াল যা ক্যারাটে ইন্ডিয়া অরগানাইজেশন দ্বারা অনুমোদিত । প্রতিযোগিতার প্রথম স্থানাধিকারীরা ন্যাশনাল ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার যোগ্যতা অর্জন করেছে । তিনি বলেন,’এতজন প্রতিযোগীর মধ্যেও অয়ন্তিকা সাহার সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত।’।
