এইদিন ওয়েবডেস্ক,বাংলাদেশ,২৩ অক্টোবর : দুর্গাপূজার আবহেই সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনা ঘটেছে বাংলাদেশে । বৃহস্পতিবার বিজয়া দশমীর দিন বাংলাদেশের নোয়াখালীর সোনাইমুড়ী পৌর এলাকায় শ্রী শ্রী গদাধর কুন্ড দুর্গামন্দিরের সীমানাপ্রাচীর ভাঙচুর করে ভেতরে প্রবেশ এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক আতঙ্ক ও নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলে জানিয়েছেন মন্দির কমিটির সদস্যরা ।
মন্দির কমিটির সভাপতি দীপঙ্কর চক্রবর্তী অভিযোগ, সোনাইমুড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রওনক হাসান রিজবীর সঙ্গে মন্দিরের সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। সম্প্রতি বিদ্যালয় কর্তৃপক্ষ মন্দিরের জায়গায় ঘর ও শৌচাগার নির্মাণ করেছে বলেও অভিযোগ করেন তিনি।
দীপঙ্কর চক্রবর্তীর অভিযোগ, ওই বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে একদল দুর্বৃত্ত মন্দিরে এসে হামলা চালায়। টিন ও সিমেন্টের পিলার দিয়ে তৈরি সীমানাপ্রাচীর ভেঙে ফেলে তারা। খবর পেয়ে পুলিশ ও মন্দির কমিটির সদস্যরা ঘটনাস্থলে আসে ।
মন্দির কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হৃদয় হরন বৈষ্ণবও বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে মন্দিরের জায়গা দখলের চেষ্টার অভিযোগ তুলেছেন । তাঁর দাবি, মন্দির কমিটির সদস্যদের নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে। এতে তাঁরা নিজেদের জীবন ও নিরাপত্তা নিয়ে চরম শঙ্কিত।।

