রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ এবং রোলস-রয়েস শুক্রবার অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট (এএমসিএ) কর্মসূচির জন্য যৌথভাবে একটি দেশীয় যুদ্ধ ইঞ্জিন তৈরির সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে।
ভারতের বৃহত্তম বেসরকারি সংস্থা এবং ব্রিটেনের স্বনামধন্য বিমান-ইঞ্জিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান দেশে দেশীয়ভাবে যুদ্ধবিমানের চালনা সক্ষমতা তৈরির জন্য দরপত্র জমা দিয়েছে।
একটি যৌথ বিবৃতিতে, সংস্থা দুটি জানিয়েছে যে তারা ভারতে একটি বিশেষায়িত অ্যারোস্পেস গ্যাস টারবাইন কমপ্লেক্স স্থাপনের বিষয়টি খতিয়ে দেখবে। এটিকে শক্তি ও চালনা প্রযুক্তির একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে, যার মধ্যে যুদ্ধ বিমানের। ইঞ্জিনের নকশা, উন্নয়ন, উৎপাদন, পরীক্ষা, নির্মাণ এবং জীবনচক্র সহায়তা অন্তর্ভুক্ত থাকবে।
প্রস্তাবিত এই অংশীদারিত্বের মাধ্যমে ভারতে এএমসিএ ইঞ্জিন তৈরির জন্য ব্রিটেনের প্রখ্যাত অ্যারো-ইঞ্জিন প্রস্তুতকারকের প্রযুক্তি ও দক্ষতার সাথে রিলায়েন্সের প্রযুক্তি, উৎপাদন এবং বাস্তবায়ন সক্ষমতাকে একত্রিত করা হবে।
এই ঘোষণাটি ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘আত্মনির্ভর ভারত’ উদ্যোগের একটি অংশ, যেখানে দেশের প্রতিরক্ষা খাত তার যুদ্ধবিমান কর্মসূচির জন্য দেশীয় ইঞ্জিন উৎপাদনে মনোনিবেশ করছে।একটি বিবৃতিতে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের নির্বাহী পরিচালক অনন্ত আম্বানি বলেছেন,”ভারতের কৌশলগত স্বায়ত্তশাসনের জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলিতে সার্বভৌম সক্ষমতা প্রয়োজন ।”
