এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,৩০ মে : গনরোষের মুখে পড়তে হল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জিকে (Abhishek Banerjee)। আজ শনিবার দুপুরে সোনারপুরে নিহত এক তৃণমূল কর্মীর বাড়িতে যাওয়ার পথে স্থানীয় মহিলাদের রোষের মুখে পড়তে হয় তাকে । কালীঘাট থেকে অভিষেক বের হতেই আগে থেকে হাতে ডিম নিয়ে দাঁড়িয়ে থাকা মহিলারা ‘অভয়ার বিচার চাই’ বলে তাকে লক্ষ্য করে ডিমবৃষ্টি শুরু করেন । ডিমের থেকে মাথা বাঁচাতে হেলমেট পরেন অভিষেক । পরে তিনি বলেন, মানুষ দেখুন…আমি হাইকোর্টে যাব। পুলিশের কোনও নিরাপত্তা নেই। এখানে ইট পাটকেল ডিম। অভিষেক বন্দ্যোপাধ্যায় ব্রাহ্মণ সন্তান… আমি কি বাংলাদেশি?’
জানা গেছে,শুক্রবার সোনারপুরে এক তৃণমূল কর্মীর মৃত্যু হয় । আজ নিহত কর্মীর বাড়ি যাচ্ছিলেন তিনি । ঠিক কামালগাজির কাছে তাঁর গাড়ি পৌঁছতেই চোর চোর স্লোগান শুরু হয়। অনেকে কালো পতাকা দেখাতে থাকেন। এদিকে সকাল থেকে এলাকায় অপেক্ষা করছিলেন এলাকার বেশ কয়েকজন বাসিন্দা । তাদের মধ্যে অনেক মহিলাও ছিলেন। অভিষেক পৌঁছতেই তারা ‘চোর চোর’ স্লোগান দেন। পরে অভিষেকের গাড়ি এগিয়ে যেতেই দেখা যায়, কয়েকজন মহিলা ডিম হাতে অপেক্ষা করছেন।
মহিলারা ‘অভয়ার বিচার চাই’ বলে অভিষেককে লক্ষ্য করে ডিম ছুড়তে থাকেন । যদিও হেলমেট থাকায় তার মাথায় ডিম লাগেনি । তবে গায়ে লাগায় জামা নোংরা হয়ে যায় ।।
