এইদিন ওয়েবডেস্ক,কাটোয়া(পূর্ব বর্ধমান),১৫ নভেম্বর : মামলা থেকে বাঁচতে কংগ্রেস নেতার কাছে মোটা অঙ্কের টাকা চাওয়ার অভিযোগ উঠল পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার এক বিজেপি নেতা বিরুদ্ধে । অভিযোগ যে,ফোন করে ‘সেটেলমেন্ট ‘ করার প্রস্তাব দিয়েছেন ওই বিজেপি নেতা । ফোনের এই কথোপকথনের অডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে। কংগ্রেসের কিষাণ মোর্চার পূর্ব বর্ধমান জেলা কমিটির সম্পাদক অমিত মণ্ডল এনিয়ে সূর্যদেব ঘোষ নামে ওই বিজেপি নেতার বিরুদ্ধে কাটোয়া থানায় অভিযোগ দায়ের করেছেন । জানা গেছে,সূর্যদেব ঘোষ বিজেপির কাটোয়া ৪ নম্বর মণ্ডল সভাপতির পদে রয়েছেন । যদিও অভিযোগ প্রসঙ্গে সূর্যদেব ঘোষের দাবি, ‘আমার পারিবারিক ব্যবসা আছে। ব্যবসায়িক প্রয়োজনে কারও সঙ্গে হয়তো টাকাপয়সার কথা হয়েছিল। কিন্তু তারপর সামান্য কথাবার্তার অডিওকে এআই প্রযুক্তির মাধ্যমে ওভাবে উপস্থাপন করার চেষ্টা হচ্ছে। এটা রাজনৈতিক চক্রান্ত।’
সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ৫ মিনিট ৫৫ সেকেন্ডের অডিওর কথোপকথনের সময় সূর্যদেব ঘোষকে বলতে শোনা যায়,’৭ লক্ষ টাকা দিয়ে দাও। ৬ লক্ষ টাকা দিয়ে সেটেল করো । পুলিশ কাউকে ধরবে না, তুমি তো জানো টেবিল বাই টেবিল টাকা দিতে হয়। তুমি ৬ লাখ টাকা দিয়ে সেটেল করো । বাকিদের তুলিয়ে দেবো। পুলিশ এক টাকাও ছাড়ে না।’ ভাগাভাগির হিসাব উল্লেখ করে বলা হয়,’এক লক্ষ থানা নেবে একলাখ আইসি নেবে আর এক লাখ আমি খাব।’
কংগ্রেস নেতা অমিত মণ্ডলের অভিযোগ, তৃণমূল কংগ্রেসের আমলে আবাস যোজনায় যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে ছিল তাঁদের তাদের ফোন করে টাকা চেয়ে সেটেলমেন্ট করে দেওয়ার আশ্বাস দেওয়া হচ্ছে। বিজেপি নেতারা পুলিশের নাম করেও লক্ষ লক্ষ টাকা তোলা তুলছে। শুধুমাত্র সূর্যদেব ঘোষ নয়, সূর্যদেবের ঘনিষ্ঠ আর এক বিজেপি কর্মীর কথোপকথনের অডিও প্রশাসনের কাছে জমা দিয়েছেন অমিতবাবু।
জানা গিয়েছে, ওই অভিযুক্ত বিজেপি কর্মীর নাম মানব ঘোষ। তাঁর অডিও ভাইরাল হওয়ার পর মানব ঘোষ ফেসবুকে বিবৃতি দিয়ে ক্ষমা চেয়েছিলেন। পরে অবশ্য সেটি মুছে দিয়েছেন । এদিকে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে জেলার রাজনৈতিক মহলে । যদিও কাটোয়ার বিজেপি বিধায়ক কৃষ্ণ ঘোষ বলেন, ‘যদিও বিষয়টি আমার জানা নেই। তবে আমাদের দলে যদি কেউ তোলাবাজি করে তাহলে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’।
