এইদিন ওয়েবডেস্ক,শিলিগুড়ি,০৮ জুলাই : উত্তরবঙ্গের শিলিগুড়ি জেলার ডাবগ্রাম ফুলবাড়ী এলাকার একটি ভিডিও ঘিরে তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় । ভিডিও-টি একটি স্কুলের ক্লাসরুমের ভিতরে রেকর্ড করা৷ ভিডিও-তে দেখা গেছে ক্লাসরুমের মেঝেতে রাখা হয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটি ছবি । ইউনিফর্ম পরা এক ছাত্র সেই ছবিতে প্রথমে প্রস্রাব করে এবং থুতু দেয় । তারপর লাথি মেরে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে অশ্রাব্য ভাষায় গালাগালি করে । এমনকি মুখ্যমন্ত্রীর মাকে নিয়েও একাধিকবার কুরুচিকর মন্তব্য করে । ভিডিওটি ভাইরাল হলে ব্যাপক গনরোষের সৃষ্টি হয় । ক্ষিপ্ত জনতা ওই ছাত্রকে বাড়ি থেকে বের করে এনে কান ধরে ওঠবস করায় । তারপর তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে । জানা গেছে, ছাত্রটি একাদশ শ্রেণির পড়ুয়া । পুলিশ তাকে গ্রেপ্তার করে আজ বুধবার জুভেনাইল কোর্টে পেশ করে ।
জানা যায়,অভিযুক্ত ছাত্রের বাড়ি শিলিগুড়ি পুরনিগমের ৩৪ নম্বর ওয়ার্ডের সূর্যসেন কলোনি এলাকায়। তার রিল ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতেই শহর জুড়ে গনরোষের সৃষ্টি হয় । বিষয়টি জানাজানি হওয়ার পর মঙ্গলবার রাতে স্থানীয় কয়েকজন বাসিন্দা ও বিজেপি সমর্থকদের একাংশ ওই ছাত্রের বাড়ির সামনে জড়ো হন। অভিযোগ, সেখানে তাকে ডিম ছুঁড়ে মারা হয় এবং শারীরিকভাবে হেনস্তাও করা হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ছাত্রকে উদ্ধার করে শিলিগুড়ি নিউ জলপাইগুড়ি থানায় নিয়ে যায় । আজ বুধবার তাকে জুভেনাইল কোর্টে পেশ করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।।
