এইদিন ওয়েবডেস্ক,আউশগ্রাম(পূর্ব বর্ধমান),১১ জুন : বিজেপির এরাজ্যে ক্ষমতায় আসা এক মাসও হয়নি । তার মধ্যেই গেরুয়া শিবিরে গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়ে গেলো পূর্ব বর্ধমান জেলার আউশগ্রামে । পার্টি অফিসে ঢুকে এক নেতা তাঁর অনুগামীদের মারধরের পাশাপাশি ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির এক মন্ডল সভাপতি ও তার দলবলের বিরুদ্ধে । বুধবার রাতের এই ঘটনার পর বিজেপির আউশগ্রাম ৪ নম্বর মণ্ডল কমিটির সাধারণ সম্পাদক রাজু দাস সহ ১০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপির বোলপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় । এদিকে দলের এই গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসার পর বেজায় অস্বস্তিতে পড়েছে গেরুয়া শিবির ।
জানা গেছে,প্রধানমন্ত্রী গ্রামসড়ক যোজনায় কালীদহ থেকে আউশগ্রাম পর্যন্ত একটি রাস্তা সংস্কারের কাজ প্রায় দুমাস আগে শুরু হয়েছে । ওই কাজ নিয়ে ঠিকাদারের সঙ্গে রাজু দাসের সংঘাত বাধে । পরিস্থিতি জটিল হলে ঠিকাদার বিজেপি নেতৃত্বকে বিষয়টি জানান। এরপর দলের পক্ষ থেকে সাফ নির্দেশ দেওয়া হয় যে রাস্তার কাজে যেন কোনওভাবে বাধার সৃষ্টি না করা হয় । যেটা রাজু দাস মেনে নিতে পারেননি ৷ আর তারই জের ধরে বুধবার রাতে চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় যখন একটি ক্লাবঘরে বসে গল্পগুজব করছিলেন সেই সময় রাজু দাসের নেতৃত্বে লাঠিসোঁটা ও রড নিয়ে হামলা চালানো হয় । ক্লাবঘরে ফ্যান,লাইট সহ যাবতীয় আসবাবপত্র ভেঙে দেওয়ার পাশাপাশি কয়েকজনকে মারধর করা হয় বলে অভিযোগ । যদিও রাজু দাসের বক্তব্য, তিনি ঘটনার সময় ছিলেন না । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।।
