এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৯ এপ্রিল : প্রথমে কলকাতার লাউডন স্ট্রিটে কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডির হানা । সোমবার নয়াদিল্লিতে অন্যতম পরিচালক ও সহ-প্রতিষ্ঠাতা বিনেশ চান্দেলকে গ্রেফতার । তার মাঝেই প্রতীক জৈনের স্ত্রী ও ভাইকে ইডির তলব ৷ কয়লা পাচার মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের র্যাডারে চলে আসায় তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের সময়টা মোটেই ভালো যাচ্ছে না । এরই মাঝে বাংলা সংবাদপত্র আনন্দবাজার জানিয়েছে যে আইপ্যাক রাজ্য ছেড়ে চলে যাচ্ছে । এদিকে প্রথম দফার ভোট আর মাত্র তিন দিন । তার আগেই ওই ভোটকুশলী ভাড়াটে সংস্থাটি পাততাড়ি গোটানোয় চরম বিপাকে পড়ে গেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ।
গতকাল সকালেই ওই সংস্থাটির বিরুদ্ধে একটা চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । তার অভিযোগ যে ‘ভোটকেন্দ্রে প্রবেশ করে ভোটারদের ভয় দেখাতে/প্রভাবিত করতে এবং নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করতে’ তৃণমূল কংগ্রেসের কর্মীদের জাল প্রেস পরিচয়পত্র দিচ্ছে আইপ্যাক। আর শুভেন্দুর অভিযোগের পরেই ভোটের কাজে অনুমোদন প্রাপ্ত সাংবাদিকদের বিষয়ে বেশ কিছু কঠোর নির্দেশিকা জারি করে নির্বাচন কমিশন ।
আর এরপরেই ওই সংবাদপত্রটি আজ জানিয়েছে যে শনিবার সল্টলেক সেক্টর ফাইভে দফতরে কর্মীদের একটা জরুরি মিটিং করেছিল আইপ্যাক । তার পরেই মধ্যরাতে ইমেলে কর্মীদের জানিয়ে দেওয়া হয় যে নির্দিষ্ট কিছু আইনি বাধ্যবাধকতার জন্য এরাজ্যে আপাতত কাজ বন্ধ রাখা হচ্ছে । আরও বলা হয়েছে, আইপ্যাক তার ‘কর্মচারীদের ২০ দিনের সাময়িক ছুটিতে পাঠিয়ে দিয়েছে । ১১ মে-র পর আবার তাঁদের সঙ্গে যোগাযোগ করা হবে এবং পরবর্তী পদক্ষেপ আলোচনা করা হবে।’ তবে তৃণমূলের সূত্রের উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি বলেছে, আইপ্যাকের একটি অংশ অলক্ষ্যে থেকে কাজ চালিয়ে যাবে । তবে সংস্থাটি বা তৃণমূল কংগ্রেস এই বিষয়ে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে কিছু জানায়নি ।।
