এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,০৬ জুন : রাজ্যে পালাবদল হতেই ক্রমশ আইনি জটিলতায় জড়িয়ে পড়ছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক ব্যানার্জি । ‘সই জাল’ মামলায় আগামী ৮ জুন ভবানী ভবনে তাকে তলব করে নোটিশ জারি করেছে সিআইডি । সেই এই নোটিশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ৷ তিনি দ্রুত শুনানির আর্জির জানিয়েছিলেন । কিন্তু তার সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত । আগামী ১০ জুন পর্যন্ত আপাতত কোনো রক্ষাকবচ দেওয়া হয়নি তাকে । ফলে ভবানী ভবনে সিআইডির জেরার মুখোমুখি হতেই হচ্ছে অভিষেক ব্যানার্জিকে ।
শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতার স্বীকৃতি দেওয়ার জন্য স্পিকার রথীন্দ্র বসুকে একটি চিঠি দেওয়া হয়েছিল তৃণমূলের তরফে । সেই চিঠিতে দলের ৭০ জন বিধায়কের স্বাক্ষর ছিল। কিন্তু বেশ কয়েকজন বিধায়কের সই জাল করার বিষয়টি প্রকাশ্যে এনে তোলপাড় ফেলে দেন তৃণমূলের বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা । ওই চিঠিতে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক হিসেবে অভিষেকের সই ছিল। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে এই মামলার তদন্তভার যায় সিআইডির হাতে । গত ৩১ মে সিআইডি অভিষেক ব্যানার্জিকে ভবানী ভবনে তলব করে । কিন্তু অসুস্থতার কারণ দেখিয়ে তিনি হাজিরা দেননি । এরপর ফের ৮ জুন তলব করে অভিষেকের বাড়িতে নোটিশ দিয়ে আসে সিআইডি । কিন্তু সেই নোটিশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন মমতা ব্যানার্জির ভাইপো ।।
