এইদিন ওয়েবডেস্ক,কলকাতা,১৭ আগস্ট : আমেরিকার বিখ্যাত জনস হপকিন্স হাসপাতাল (Johns Hopkins Hospital)-এর উইলমার আই ইনস্টিটিউট (Wilmer Eye Institute)-এ চোখের চিকিৎসা করাতে যাওয়ার ডায়মন্ড হারবারের সাংসদ ও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো অভিষেকের ৷ বিদেশ যাওয়ার বিশেষ অনুমতিও দিয়েছে সুপ্রিম কোর্ট । ইতিমধ্যেই প্রচুর ব্যাগ গুছিয়ে নিয়ে বর্তমানে দিল্লিতে রয়েছেন তিনি । কিন্তু বিদেশযাত্রার ঠিক মুখেই অভিষেক ব্যানার্জির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে ৷ ফলে এনিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূলের “যুবরাজ”৷ আজ সোমবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের এজলাসে বিষয়টি জরুরি ভিত্তিতে শুনানির জন্য উপস্থাপন করেন তাঁর আইনজীবী অয়ন ভট্টাচার্য।
আইনজীবী জানান, চিকিৎসার জন্য শীঘ্রই বিদেশে যাওয়ার কথা অভিষেকের। তার আগেই তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ় করা হয়েছে। এই পদক্ষেপের কারণ ব্যাঙ্ক জানায়নি বলেও আদালতে দাবি করেন তিনি ।অভিষেকের আইনজীবীর প্রশ্ন, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএস) ১০৭ ধারা অনুসরণ না করে কীভাবে অ্যাকাউন্ট ফ্রিজ় করা হল? তাঁর দাবি, নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা প্রয়োজন। এ ক্ষেত্রে সেই প্রক্রিয়া মানা হয়নি।
বিচারপতি কৃষ্ণ রাও মামলা দায়েরের অনুমতি দিয়ে জানতে চান, অভিষেকের বিরুদ্ধে বর্তমানে কোনও তদন্ত প্রক্রিয়া সক্রিয় রয়েছে কি না। জবাবে আইনজীবী জানান, তাঁর মক্কেল আদালতের পূর্ববর্তী নির্দেশ মেনে তদন্তে পূর্ণ সহযোগিতা করে আসছেন। ফলে এই অ্যাকাউন্ট ফ্রিজের সঙ্গে চলমান তদন্তের কোনও সরাসরি সম্পর্ক নেই। এদিন শুনানির পর আদালত মামলার অন্য পক্ষকে দ্রুত নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী বুধবার মামলাটি পরবর্তী শুনানির জন্য উঠবে।
এর আগে চিকিৎসার জন্য অভিষেককে তিন সপ্তাহ বিদেশে থাকার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। তাঁর বিদেশযাত্রায় কোনও প্রতিবন্ধকতা তৈরি করা যাবে না বলেও জানিয়েছে শীর্ষ আদালত। কিন্তু আমেরিকা যাওয়ার ঠিক মুখেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ায় চরম বিপাকে পড়ে গেছেন অভিষেক । এদিন শুনানির পর কলকাতা হাইকোর্টের বিচারপতি কৃষ্ণ রাও মামলার অন্য পক্ষকে দ্রুত নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী বুধবার মামলাটি পরবর্তী শুনানির জন্য উঠবে।।
