এইদিন ওয়েবডেস্ক,বর্ধমান,২৭ জুন : পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার শ্রীরামপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৌভাগ্য মজুমদারকে তোলাবাজির অভিযোগে গতকাল শুক্রবার গ্রেপ্তার করেছিল নাদনঘাট থানা পুলিশ । আজ শনিবার ধৃত তৃণমূল নেতাকে আদালতে নিয়ে যাওয়ার সময় পড়তে হল গনরোষের মুখে । সৌভাগ্য মজুমদারকে থানা থেকে বের করে গাড়িতে তোলার সময় ক্ষিপ্ত জনতা ঘিরে ধরে “চোর চোর” শ্লোগান দেয় । পাশাপাশি তাকে লক্ষ্য করে নিক্ষেপ করা হয় জুতো ও ডিম । এই অতর্কিত হামলার কার্যত হতচকিত হয়ে যায় পুলিশ । যদিও পুলিশ কোনো রকমে ধৃত তৃণমূল নেতাকে গাড়িতে তুলে নিয়ে যেতে সক্ষম হয় ।
শ্রীরামপুর এলাকার বিকাশ ঘোষ নামে এক ব্যক্তির কাছ থেকে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন সময় টাকা নেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সৌভাগ্য মজুমদারের বিরুদ্ধে । এনিয়ে তিনি নাদনঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন । তার সেই অভিযোগের ভিত্তিতে ওই তৃণমূল নেতাকে শুক্রবার পুলিশ গ্রেপ্তার করে । আজ ধৃতকে কালনা মহকুমা আদালতে তুলে ৭ দিনের জন্য নিজেদের হেফাজতে চেয়ে আবেদন জানায় নাদনঘাট থানা পুলিশ ।।
