এইদিন ওয়েবডেস্ক,দক্ষিণ ২৪ পরগণা,১০ জুন : দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । আলিপুর আদালতের ঠিক পাশেই আট তলা বিশিষ্ট এই ভবনে আজ বুধবার সকালে হঠাউ কালো ধোঁয়া বের হতে শুরু করে । নিমেষের মধ্যে ধোঁয়ায় ঢেকে যায় গোটা ভবন । এখনও অবধি ভিতরে কেউ আটকে থাকার খবর নেই। শেষ পাওয়া খবর অনুযায়ী, দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।
জানা গেছে,যে ভবনটিতে আগুন লাগে সেখানে ফলতার স্বঘোষিত পুষ্পার তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের অফিস । পাশাপাশি একাধিক সরকারি দপ্তরের অফিস রয়েছে। প্রত্যক্ষদর্শীদের দাবি,চার তলায় আগুনের সূত্রপাত । সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। প্রথমে ২ টি ইঞ্জিন গিয়ে আগুন আয়ত্তে আনার চেষ্টা করে। কিন্তু দ্রুত গতিতে ৭ তলা পর্যন্ত আগুন পৌঁছে যায়। প্রাথমিকভাবে অনুমান, এসি থেকে অথবা শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত । তবে ওই ভবনেই জাহাঙ্গীর খানের অফিস হওয়ায় অগ্নিকাণ্ড নিয়ে রহস্য দানা বেঁধেছে ।।
