এইদিন ওয়েবডেস্ক,মালদা,২৮ আগস্ট : মালদার ইংরেজবাজারে নিজের বাড়ি থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার হয়েছে । ঘটনাটি ঘটেছে মালদা শহরের গৌড়রোড সংলগ্ন ২ নন্বর গভমেন্ট কলোনী এলাকায় । আজ শুক্রবার দুপুরে শোবার ঘরের বিছানার মধ্যে ওই ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে ইংরেজবাজার থানায় খবর দেয় স্থানীয় বাসিন্দারা৷ পরে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় । পুলিশ জানিয়েছে, মৃতের নাম অর্ণব সেন(৫৫) । প্রাথমিকভাবে পুলিশের অনুমান,ধারাল অস্ত্র দিয়ে ওই ব্যক্তিকে গলাকেটে খুন করা হয়েছে ।
জানা গেছে,অর্ণব সেন মালদা শহরের ২ নম্বর গভমেন্ট কলোনী এলাকার বাসীন্দা হলেও, তাঁর আরও একটি বাড়ি রয়েছে কলকাতার যাদবপুরে। গত বুধবার তিনি যাদবপুর থেকে মালদায় এসেছিলেন । আজ দুপুর প্রায় ১২ টা নাগাদ তাকে তাঁর বাড়ির শোবার ঘরের মধ্যেই গলাকাটা রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন প্রতিবেশীরা। ঘটনার খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থল থেকে দেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে৷
জেলার অতিরিক্ত পুলিশ সুপার আইন শৃঙ্খলা লিবাং তামাং জানিয়েছেন,নিহত ব্যক্তির গলায় ধারাল অস্ত্র দিয়ে কোপানোর গভীর ক্ষত রয়েছে ৷ তবে এই খুনের সঙ্গে এক না একাধিক জন জড়িত রয়েছে তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি ।।
