এইদিন ওয়েবডেস্ক,ত্রিপুরা,২৯ নভেম্বর : ত্রিপুরার বক্সনগরের নয়নজলা গ্রাম পঞ্চায়েতের প্রধান দুপুরিয়াবন্ধর বাসিন্দা আজাদ মুস্তফাকে মারধরের অভিযোগ মিথ্যা ! বরং তার বলে দাবি করা গুদাম থেকে প্রায় ৫৪ কেজি গাঁজা উদ্ধার হয়েছে। যার আনুমানিক বাজারমূল্য ২৭ লক্ষ টাকা। এই ঘটনাকে কেন্দ্র করেই প্রকৃত বিষয় থেকে নজর ঘোরানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ বিএসএফ’র।
বিএসএফের দেওয়া বিবৃতি অনুযায়ী,আজ রবিবার (২৯ নভেম্বর) ৪৯ নম্বর ব্যাটালিয়নের পুঁটিয়া সীমান্ত চৌকির দায়িত্বাধীন এলাকায় বিশেষ গভীরতর এলাকা টহলদারির সময় এই অভিযান চালানো হয়। সেই সময় আজাদ মুস্তাফার বলে দাবি করা গুদাম থেকে প্রায় ৫৪ কেজি গাঁজা উদ্ধার হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লক্ষ টাকা বলে জানিয়েছে বাহিনী।
বিএসএফ’র বক্তব্য, উদ্ধারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলাকালীন ঘটনাস্থলে বেশ কিছু মানুষ জড়ো হয়ে যায় । তারা বিএসএফের কাজে বাধা সৃষ্টি করে । সেই সুযোগে আজাদ মুস্তাফা ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে দাবি বাহিনীর। উদ্ধার হওয়া গাঁজার পাশাপাশি একটি মোবাইল ফোনও নিরাপদে পুঁটিয়া সীমান্ত চৌকিতে নিয়ে যাওয়া হয়। পরে প্রয়োজনীয় আইনি পদক্ষেপের জন্য সেগুলি কলমচৌড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে বলে বিবৃতিতে জানানো হয়েছে।।
